নারায়ণগঞ্জে ৫টি রুটে ৭০টি লঞ্চ চালুর দাবিতে আলটিমেটাম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৪:৫২ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী ও শ্রমিকদের কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ থেকে ৫টি রুটে চলাচলকারী ৭০টি লঞ্চ চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
আগামী ১৮ এপ্রিলের মধ্যে লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া না হলে শ্রমিকরা অবস্থান কর্মসূচী পালন করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: সবুজ শিকদার মাষ্টার। আরো বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সভাপতি মো: মঈন মাহামুদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের নেতা মোঃ শহীদুল্লাহ, জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন চুন্নু, জুয়েল প্রধান, কবির হোসেন, আক্তার হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।


