সিদ্ধিরগঞ্জে বাল্য বিবাহ বন্ধ করলেন সদর ইউএনও রিফাত ফেরদৌস
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৬:১৪ পিএম
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এর নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে এ ঘটনা ঘটে। ইউএনও ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ৪নং ওয়ার্ডের হাউজিং এলাকার জনৈক মো. আবুল কালাম তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে দেওয়ার আয়োজন করেন।
সেই মোতাবেক রাত ৯ টার পর ঐ রেষ্টুরেন্টে বিয়ের অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের দাওয়াত করেন। পরে গোপন তথ্যের মাধ্যমে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, আমাদের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ মহোদয় একটি গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে একটি বাল্য বিবাহের ঘটনা ঘটাচ্ছে। পরে আমাকে জানালে আমি তাৎক্ষণিক রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেয়।
ঘটনার সাথে জড়িত থাকা এবং বাল্য বিবাহ করানোর চেষ্টা করার জন্য বিয়ে পড়ানো’র কাজি মো. আশরাফউদ্দিন ও তার সহকারী মো. ইব্রাহিম'কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টের ম্যানেজার মো. বাবুল মিয়া'কে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং মো. আবুল কালাম নির্দেশ দেওয়া হয় তার মেয়েকে যেনো প্রাপ্ত বয়স হলে বিয়ে দেন।


