চাষাড়ার ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ি সরানোর দাবিতে ‘নিসচা’এর মানববন্ধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:৪২ পিএম
যানজট ও দূর্ঘটনা নিরসনে নগরীর চাষাড়ার ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ি সরানোর দাবিতে আবারো মানববন্ধন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, চাষাড়ার ডাক বাংলো ও পুলিশ ফাঁড়ির কারণে রাস্তায় এখানে সংকুচিত হয়ে গেছে।
ফলে এখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জবাসী অনেক বছর ধরে এ দু’টি সরকারি স্থাপনা এখান থেকে সরানোর দাবী জানাচ্ছে। কিন্তু রহস্যজনক কারণে এ দুটি স্থাপনা সরানো হচ্ছে না। আমরা অবিলম্বে এ দু’টি স্থাপনা এখান থেকে সরানোর দাবি জানাই।
মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. আল ওয়াজেদুর রহমান সভাপতিত্ব করেন। পরে সংগঠনের ২০২২-২০২৩ সালের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, এনসিসি কাউন্সিলর মনোয়ারা বেগম নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক আবু হানিফ হৃদয়, নিরাপদ সড়ক চাই এর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং তার সড়ক দুর্ঘটনায় নিহত তার সহধর্মীনির জন্য মোনাজাত করা হয়।


