কালবৈশাখীর বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৭:৪১ পিএম
নারায়ণগঞ্জে বৈশাখের বৃষ্টিতে নগরীর প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে হটাৎ দমকা হাওয়ার সাথে বৃষ্টিতে নগরীর বঙ্গবন্ধু সড়ক, মিশনপাড়া, জামতলা এলাকায় এ জলাবদ্ধতা দেখা যায়। এসময় ইফতার কিনতে বের হওয়া সাধারণ মানুষ ও ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষ বিপাকে পড়েন।
পাশাপাশি ছুটির দিনে ঈদের বেচাবিক্রি বেশী হওয়ার আশায় থাকা ব্যবসায়ীরাও পড়েন দুশ্চিন্তায়। কারণ ঈদের বেচাবিক্রি শুক্রবার ও শনিবার ছুটির দিনে কর্মজীবীদের আগমনে বেশী হয়। চাষাঢ়ায় সমবায় মার্কেটের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, বৃষ্টিতে তো ক্রেতা আসবেনা। তার উপর জলাবদ্ধতা। ছুটির দিনে ঈদের বেচাবিক্রির টার্গেট বেশী থাকে। বৃষ্টিতে তা বাধাপ্রাপ্ত হয়।
মার্কেটে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা আলী সাবাব টিপু জানান, ছুটির দিন থাকায় পরিবারের ঈদের কেনাকাটা শেষ করে ফেলতে এসেছিলাম। বৃষ্টিতে আটকে গেছি। এখন পরিবার নিয়ে কাকভেজা হয়ে বাড়ি যাচ্ছি।


