Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুই সভাপতিকে দাওয়াত ছাড়াই আইনজীবীদের ইফতার

Icon

নীরব প্রকাশ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৮:২৫ পিএম

দুই সভাপতিকে দাওয়াত ছাড়াই আইনজীবীদের ইফতার
Swapno

# এ ধরণের কোন অনুষ্ঠানের কথা জানি না : আবদুল হাই
# তারা আমাকে কখনও দাওয়াত করে না : আনোয়ার হোসেন

 

রাত পোহালে আইনজীবী সমিতির ইফতার পার্টি (ইফতার, মিলাদ ও দোয়ার আয়োজন)। প্রধান অতিথি হয়ে আসছেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। প্রধান আলোচক হিসেবে থাকছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। আওয়ামী লীগ সরকারের একজন উপমন্ত্রী আসছেন অথচ জানেন না,

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এ ধরণের কোন অনুষ্ঠানের বিষয় তাদেরকে জানানোও হয়নি। কিন্তু সেখানে বিশেষ অতিথি হিসেবে নাম উল্লেখ করা আছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

 

যদিও আইনজীবীদের সংগঠন তবুও একজন প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে অতিথির তালিকায় সরকারী দল হিসেবে আওয়ামী লীগের উপরের সারির নেতাদের নাম থাকতেই পারে। অন্তত তারা দাওয়াত পাবে না এমনকি বিষয়টা জানবেই না এই বিষয়টা নিয়ে নেতাকর্মীসহ খোদ আইনজীবীদের মধ্যেই চলছে আলোচনা সমালোচনা।

 

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মতো একটি বড় পেশাজীবী সংগঠনের ইফতার মাহফিলে এবং আইনজীবীদের সংগঠন হিসেবে এখানে সকল আইনজীবীদেরকেও মূল্যায়ণ করা হয়নি বলে নিশ্চিত করেছেন আইনজীবীদের একটি পক্ষ। তারা জানান, আইনজীবী সমিতি সকল আইনজীবীদের জন্য হলেও এখানে আওয়ামী লীগের একটি অংশ সর্বদা প্রভাব বিস্তারের মাধ্যমে তাদের স্বার্থ হাসিলে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের মধ্যে যারা তাদের মতের বাইরে আছেন তাদেরকেও কোন অংশেই মূল্যায়ণ করা হয় না।

 

আইনজীবীরা সমালোচনা করে বলেন, আগামী ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল আইনজীবীদের ইফতার মাহফিল নয়। আওয়ামীলীগের এক অংশের ইফতার মাহফিল। আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল একটি পরিবারের হয়ে আদালতে রাজনীতি করে। সেই পরিবারকে সন্তুষ্ট করতে পারলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে বলে তিনি শুধু সেই পরিবারকেই খুশি রাখতে ব্যস্ত হয়ে পড়েন।

 

অন্যদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অন্যতম আইনজীবী এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপুকেও দাওয়াত দেওয়া হয়নি বলে জানা গেছে।

 

তিনি এবারের মেয়র নির্বাচনে ডা. সেলিনা হায়াত আইভীর হয়ে কাজ করছেন বলে তাকে দাওয়াত করা হয়নি বলে জানা গেছে। অন্যদিকে সাংসদ হিসেবে দাওয়াত কার্ডে শুধু শামীম ওসমানের নাম থাকলেও নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নাম নেই।

 

এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, এই আয়োজন আইনজীবী সমিতির বলে মনে হয় না। এটা আওয়ামী লীগের একাংশের ইফতার মাহফিল। পুরো আওয়ামী লীগেরও না। আইনজীবী সমিতি এখন আর আইনজীবী সমিতির জায়গায় নাই। এটা একটি পরিবারের অধীনে চলে গেছে। তাই আইনজীবী সমিতির ইফতার পার্টিতে আইজীবীদের আগ্রহ আর নাই। এই সংগঠনটি কোন সময় এমন দলকানা ছিল না। এখন এই সমিতিটি ব্যক্তি পারপাস কাজ করতেছে।

 

এই বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, না আমি কোন দাওয়াত পাইনি। তারা আমাকে কোন সময়ই দাওয়াত দেয় না।

 

এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই জানান, এই ধরণের কোন আয়োজনের বিষয়ে আমি জানি না। এই বিষয় আমাকে জানানো হয়নি।

 

উল্লেখ্য, আগামীকাল রোববার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনী’র স্বাক্ষরিত সেই ইফতার মাহফিলের দাওয়াত কার্ডে দেখা যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ,

 

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। প্রধান আলোচক হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, নারায়ণগঞ্জ এর বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামল,

 

বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। রোববার বিকালে আইনজীবী সমিতির নতুন ভবনে এই আয়োজন করা হবে বলে দাওয়াত কার্ডে উল্লেখ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন