পুলিশের ঢিলেঢালা টহলে আবারো ফুটপাতে হকাররা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:১৭ পিএম
শহরের ফুটপাত হকারমুক্ত রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শক্ত অবস্থান ও নিয়মিত টহলের মাঝেই বঙ্গবন্ধু সড়কে আবারও জমজমাট হয়ে উঠেছে ভ্রাম্যমাণ কাপড়ের দোকানগুলো। এতে শহরে যানজট বেড়েছে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। শনিবার (২৩ এপ্রিল) সকালে শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
ঈদকে কেন্দ্র করে পুলিশি তৎপরতার মাঝেই ঝুঁকি নিয়ে ফুটপাতে দোকান পরিচালনা করছেন তারা। ঈদ উপলক্ষে ফুটপাতের এসকল দোকানে ক্রেতাদেরও ব্যাপক ভীড় দেখা গেছে। মূলত কম দামে জামা-কাপড় পাওয়া যায় বলেই মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের সদস্যরা ঈদের কেনাকাটার জন্য এসকল দোকানে ভীড় করছেন।
এদিকে ফুটপাত দখলমুক্ত রাখতে মাঝে মধ্যেই পুলিশকে টহল দিতে দেখা যায় বঙ্গবন্ধু সড়কে। পুলিশের গাড়ি দেখলেই ভ্রাম্যমাণ দোকান নিয়ে দৌড়ে আশেপাশের গলিতে চলে যান হকাররা।
গাড়ি চলে গেলে আবারও ফুটপাতে চলে আসেন তারা। হকাররা জানান, এটা আমাদের বেচাকেনার সিজন। সামনে ঈদ আসছে। এই সময়ে ঠিকমত ব্যবসা করতে না পারলে না খেয়ে মরতে হবে। তাই ঝুঁকি নিয়ে ফুটপাতে আসি। এদিকে হকারদের এভাবে বসায় আবারো বেড়েছে যানজট।


