পত্রিকার হকারদের মাঝে সোহেলের ঈদ সামগ্রী বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ মে ২০২২, ০৬:৫৫ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ০১ মে (সোমবার) সকালে শহরের ২নং রেলগেট এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন নারায়ণগঞ্জ জেলা সংবাদ পত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড (রেজি: নং ৪০৪) এর নির্বাচনে সাধারন সম্পাদক পদ প্রাথী মো: সোহেল মিয়ার নিজ উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সোহেল বলেন, বর্তমানে সংবাদ পত্র পত্রিকার ব্যবসা খুবই খারাপ। ব্যবসা খারাপ হওয়ার কারণে গত তিন বছর আগে যেখানে পত্রিকার হকরের সংখ্যা ছিল ১৫৪ জন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০৯ জনে। এভাবে চলতে থাকলে আগামীতে পত্রিকা বিক্রি করার জন্য কোন হকার খোঁজে পাওয়া যাবেনা।
তাই আমি সমাজের বিত্তবানের প্রতি আহ্বান রেখে বলতে চাই, হকারদের বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের তথা পত্রিকার হকারদের সমিতি থাকলেও কোন একটি অফিস নাই।
আমরা প্রতিদিন বৃষ্টিতে ভিজি আর রোদে শুকাই। রাস্তাঘাটে বসে পত্রিকার হিসাব করা অত্যান্ত কষ্টসাধ্য ব্যাপার হলেও আমাদের বাধ্য হয়েই তা করতে হচ্ছে। তাই আমাদের অফিসের ব্যবস্থা করার জন্য মাননীয় এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানসহ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি।


