দলবদ্ধ কিশোরদের’ অপরাধ নিয়ন্ত্রণে সদর থানার ‘রোবাস্ট পেট্রোলিং’
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:৪৩ পিএম
# পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনগণ
# এই কার্যক্রম চলমান প্রক্রিয়া বলছে পুলিশ
পাড়ার গলি, স্কুল-কলেজ গেট অথবা কোনো উদ্যানে ১১-১২ থেকে ১৬-১৭ বছরের দলবদ্ধ কিছু কিশোর দেখা যায়, যাদের চাহনিতে আছে রুক্ষতা, নেই নম্রতা-ভদ্রতার ছাপ। অশ্লীল অঙ্গভঙ্গি অথবা মোটরসাইকেলের বিরক্তিকর হর্ন বাজিয়ে প্রকাশ্যে মানুষকে উত্ত্যক্ত করছে। কিংবা বখাটে স্ট্যাইলে চুল কাটছে। এমন সন্তানের অভিভাবক যদি আপনি হয়ে থাকেন?
তাহলে সর্তক হয়ে যান। অপরাধ প্রবনতা কমাতে নারায়ণগঞ্জে এমন কিশোরদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে জেলা পুলিশ। সেই অভিযানের নাম দিয়েছে ‘রোবাস্ট পেট্রোলিং’। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের দিক নির্দেশনায় গত ২৩ মে ফতুল্লা থেকে বিশেষ এই অভিযান শুরু হয়েছে।
প্রথম দিনে ফতুল্লার মাসদাইর পতেঙ্গা মোড়, ইসদাইর বুড়ির দোকান, ইসদাইর নতুন রাস্তা, শিয়ারচর তক্কারমাঠ, ব্যাংক কলোনী, রেল স্টেশন, কিতাব নগরীসহ বিভিন্ন এলাকায় মহড়া দেওয়া হয়। ২৪ মে দুপুরে বখাটে স্ট্যাইলে চুল কাটার কারণে ৪ কিশোরকে আটক করে সেলুনে নিয়ে চুল কেটে দেয় ফতুল্লা থানা পুলিশ।
এ সময় অভিভাবকরা এসে মুছলেখা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায় কিশোরদের। এদিকে, রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসানের নেতৃত্বে নগরীর টানবাজার, বাপ্পির চত্ত্বর, নদীর পাড় সহ বিভিন্ন স্থানে মহড়া দিয়েছেন ‘রোবাস্ট পেট্রোলিং’ টিম।
রাতে অহেতুক আড্ডা দেওয়া যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান মহড়ায় জানান, যাদের আমরা কিশোর গ্যাং বলি, তাদের ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। এটা চলমান প্রক্রিয়া, এটা অব্যহত থাকবে। নারায়ণগঞ্জ অনেক জনবহুল এলাকা, এখানে অনেক শ্রমিক থাকে।
তাই এখানে কিশোরের সংখ্যাও অনেক বেশি। সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করছি, যুবকরা বেশি অপরাধে জড়িয়ে যাচ্ছে। আমরা আপনাদের সহযোগীতায় এই কিশোরদের সর্তক করতে চাই। চলুন, আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে ভালো রাখবো।


