যানজটের মূলে অব্যবস্থাপনা-সমন্বয়হীনতা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৫:৪৭ পিএম
দেশের ধনী জেলা খ্যাত শিল্প ও বাণিজ্যের অন্যতম জেলা নারায়ণগঞ্জ শহরে যানজট এখন বিষফোঁড়া। আর এই যানজট ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার মূল কারণ হিসেবে সমন্বয়হীনতাকেই চিহ্নিত করেছেন বক্তাগণ। গতকাল রোববার বিকেলে শহরের সায়াম প্লাজার তৃতীয় তলায় অবস্থিত চায়না জাংশান চাইনিজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যম ‘দৈনিক যুগের চিন্তা’র আয়োজনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে এ ধরণের মতামত ব্যাক্ত করেন বক্তারা।
যুগের চিন্তার উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ করীম রেজার সঞ্চালনায় বৈঠকে আলোচনার বিষয় বস্তু ছিল ‘যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর’। আলোচনায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা ট্রাক চালক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, গম-চাল আড়ৎদার মালিক সমিতির যুগ্ম সম্পাদক ইব্রাহীম মোল্লা ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।
আলোচনায় নারায়ণগঞ্জ শহরের যানজট সৃষ্টির অন্যান্য কারণ হিসেবে আরও যেসব বিষয় উঠে আসে তা হলো মূল শহরে অবাধে ইজিবাইকের প্রবেশ, রুট পারমিট বিহীন যানবাহনের বেপরোয়া চলাচল, বিআরটিএ’র কার্যকর কোন ভূমিকা না নেওয়া, মূল শহরে দিনের বেলায় ট্রাকসহ মালবাহী যানবাহনের অবাধ প্রবেশ, ডাকবাংলার জটিলতা, ট্রাফিক পুলিশে প্রয়োজনের তুলনায় জনবলের স্বল্পতা, হকার জটিলতা, অনেকগুলো রেল ক্রসিং পয়েন্ট এবং বারংবার সিগন্যাল পড়া, শহরের মূল সড়কের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো, পর্যাপ্ত গাড়ি পর্কিংয়ের জায়গার অভাব এবং যত্রতত্র গাড়ি পার্কিং।
ধনী জেলা হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলা সবচেয়ে অবহেলিত উল্লেখ করে আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জ শহরের গুরুত্ব তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ এক সময় প্রাচ্যের ড্যান্ডির খ্যাতি লাভ করে। শিল্প ও বাণিজ্যে এখনও নারায়ণগঞ্জ শীর্ষে। শহরের নিতাইগঞ্জ, ডালপট্টি, টানবাজার বাংলাদেশের মধ্যে অন্যতম খাদ্য দ্রব্যের আড়ৎ। এখান থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের শতকরা প্রায় ৬০ ভাগ খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়। গাজীপুর জেলার ৫টি উপজেলা থাকা সত্ত্বেও তারা বিশেষ শ্রেণির জেলা অর্থাৎ প্রথম শ্রেণির জেলার মর্যাদা পাচ্ছে। কিন্তু নারায়ণগঞ্জও ৫টি উপজেলা নিয়ে গঠিত এবং নারায়ণগঞ্জ বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও দ্বিতীয় শ্রেণির তালিকায় থাকার বিষয়টির গুরুতর প্রতিবাদ জানান আলোচকরা।
যানজটের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আলোচকরা নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড এলাকা, মন্ডলপাড়া পুল, টানবাজার গলি, সিরাজউদ্দৌল্যা সড়কের কালীর বাজার, টিএনটি অফিস ও নারায়ণগঞ্জ কলেজ থেকে ১ নং রেলগেট, শহীদ সোহরাওয়ার্দী সড়কের টার্মিনাল এলাকা থেকে ২নং রেলগেট, শায়েস্তাখান সড়ক, এসি ধর রোডসহ বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে ব্যাংকের মোড় হয়ে একেবারে নিতাইগঞ্জ পর্যন্ত পুরো সড়কটিই যানজটের কড়াল গ্রাসে নিমজ্জিত।
এসব যানজট নিরসনে রাস্তা প্রশস্ত করণ, অবাধে ইজিবাইকের প্রবেশ নিষিদ্ধকরণ, চাষাঢ়ায় অবস্থিত ডাকবাংলাকে অন্যত্র সরিয়ে নেওয়া, প্রধান রেল স্টেশন চাষাঢ়া সরিয়ে নেওয়া অথবা ক্রসিং পয়েন্টে ওভার পাসিং সিস্টেম ব্যবস্থা করা, শহরের নির্দিষ্ট পয়েন্ট ছাড়া অন্য কোথাও যেন যাত্রী উঠানোর জন্য গাড়ি দাঁড়িয়ে না থাকে সেদিকে সতর্ক নজরদারী করা, যত্রতত্র পার্কিং বন্ধ করা এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের যথাযথ সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।
এছাড়াও বক্তাগণ সময়পযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের মাধ্যমে যুগের চিন্তার এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। যুগের চিন্তা এমন জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে ভবিষ্যতে আরও আয়োজন করবেন বলে আশা প্রকাশ করেন আলোচনায় অংশগ্রহণ করা নারায়ণগঞ্জের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।এমই/জেসি


