Logo
Logo
×

বিশেষ সংবাদ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৫:২০ পিএম

মহানবীকে কটূক্তির প্রতিবাদে উত্তাল নারায়ণগঞ্জ
Swapno

 

# প্রতিটি উপজেলাতেই জুম্মার পর বিক্ষোভ মিছিল বের করা হয়
# জেলে আটকে থাকা নেতাদের মুক্তি চায় হেফাজত

 

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ জেলা। গতকাল জেলার সর্বত্র এ নিয়ে ইসলামী সংগঠনগুলো ব্যাপক প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে শুক্রবার (১০ জুন) নগরীর ডিআইটি মসজিদের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

নারায়ণগঞ্জ উলামা পরিষদের ব্যানারে এবং ডিআইটি মসজিদের খতিব ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠন এবং হাজার হাজার মুসলিম জনতা এসে ওই সমাবেশে যোগ দেয়। এর আগে, বাদ জুম্মা ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে একেক করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে এসে জরো হয়। সমাবেশ শেষে মসজিদের সামনে থেকে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।


 
এসময় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, জেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, ওলামা পরিষদ নেতা হযরত মাওলানা মনোয়ার হোসাইন, দেলোয়ার আল হোসাইন, ওলামা পরিষদ নেতা হযরত মাওলানা আলী হোসেন, খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক ইলিয়াস আহাম্মেদ, মুক্তারকান্দী মাদ্রাসার মুহতামিন মাওলানা যমিরিউদ্দিন ফারুকি, মহানগর ওলামা পরিষদ নেতা মাওলানা নাসিরউদ্দিন প্রমুখ।


 
সমাবেশে মাওলানা আব্দুল আউয়াল বলেন, মুসলমান ভাইয়েরা জানতে চায়, আমাদের সরকার চুপ হয়ে আছে কেনো? আমরা তো ভালো করে জানি যে ভারত সরকারের ‘ইশারা-ইঙ্গিতে’ বাহক হিসেবে তারা এই দেশ শাসন করেন। যার ইশারা ইঙ্গিতে আমাদের প্রাণ প্রিয় ভাইদেরকে দীর্ঘ দিন পর্যন্ত জেলে আটকিয়ে রেখেছে। কতবার আলোচনা করা হলো, কিন্তু আমাদের আলেম-ওলামা ভাইদের তারা জেল থেকে মুক্তি দিতে সাহস পায় না। এরা মনে করেছে তারা বেরিয়ে আসলেই আবার জনগণ এক হইয়া না যেনো কোন আন্দোলন করে।

 

এদিকে শুক্রবার জুম্মার নামাজের পর বন্দরের বিভিন্ন এলাকায় স্থানীয় পঞ্চায়েতসহ আলেম ওয়ালামাদের নেতৃত্বে পুরো বন্দর জুড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মদনপুর চৌরাস্তা, ধামগড়, নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ড, মুছাপুর ইউনিয়ন, বন্দর ইউনিয়ন, বন্দর প্রেসক্লাব, রূপালী আবাসিক এলাকা, আমিন পঞ্চায়েত কমিটি, মদনগঞ্জ, কলাগাছিয়ার সাবদীসহ বিভিন্ন এলাকায়। নবীজীর অপমানের প্রতিবাদে সর্বস্তরের জনগণ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসব এলাকায় হাজার মুসল্লি এসময় দোষীদের গ্রেফতারসহ আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় ‘বিশ্ব নবীর অপমান-সইবে না আর মুসলমান’, ‘বিশ্ব নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান’, ‘বিশ্বের মুসলিম এক হয়ে লড়াই করো’ স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে।


 
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর ২৪ ও ২৫ নং ওয়ার্ডের মুসল্লিগণ স্থানীয় যুব সংগঠন ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে এবং মসজিদে ইমামদের নেতৃত্বে ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া সোমবাড়িয়া বাজার এলাকা হতে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সোমবাড়িয়া বাজার এলাকায় এসে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা আতিকুল্লাহ, ক্বারী রফিকুল ইসলামসহ স্থানীয় মুসল্লীগণ।


 
একই সময় কলাগাছিয়া ইউনিয়নের সাবদী বাজার এলাকায় আহলে সুন্নত ওয়াল জামাতের ব্যানারে সাবদি, নরপদি, দীঘলদি, হাজরাদীসহ বিভিন্ন গ্রামের আলেম ওয়ালামা ও মুসল্লিদদের অংশগ্রহণে প্রতিবাদ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদে তাকওয়ার খতিব ও ইমাম আলহাজ্ব মাওলানা নুর উদ্দীন আফসারী।

 

ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামা’ত কর্মী মেহেদী হাসান সোহেলের নেতৃত্বে বক্তব্য রাখেন, কলাবাগ জামে মসজিদের মাওলানা মো. আরিফুর রহমান, চাঁনপুর জামে মসজিদের খতিব মাওলানা আ. সালাম, নরপদি জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদ হোসেন, নরপদি পুরান জামে মসজিদের ইমাম মাওলানা মকবুল হোসেন, দীঘলদির মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, নোমান বিল্লাহ, বেলাল হোসেন, একরামুল প্রমুখ।


 
বন্দরের হিলফুল ফুজুল শান্তি সংঘের আহব্বায়ক কমিটির আয়োজনে রাসুলুল্লাহ (সা.) এর শানে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজির ইসলাম, মাহতাব হোসেন, আলমগীর হোসেন, রাকিবুল হাসান, মিঠু আবেদ, আব্দুল্লাল মামুন, মাওলা আল আমিন, মাওলানা সোলাইমান মজুমদার, মাওলানা এনামুল হক, মাওলানা আবু সুফিয়ান, বাদশা, আলম, দেলোয়ার, সোহরাব সহ মুসল্লিগণ।


 
মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গতকাল সবচেয়ে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায়। শুক্রবার জুম্মা নামাজের পর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা বিভিন্ন ব্যানারে এসে মদনপুর মহাসড়কে উপস্থিত হয়। মদনপুর ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আশেপাশের সকল এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।


 
বিক্ষোভে বক্তারা বলেন, হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) মুসলিম জাতির নয়নের মনি। যার সৃষ্টি না হলে এ দুনিয়ার কিছুই সৃষ্টি হতো না। ওনাকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ভারতীয় প্রশাসনের নিকট ওই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

 

উল্লেখ্য গত ২৭ মে একটি অনলাইন টকশোতে ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মা হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করে দেয়া একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর কড়া সমালোচনা এবং প্রতিক্রিয়া আসতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। শুধু তাই নয়, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন উপসাগরীয় এবং আরব দেশগুলো এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

সামাজিক মাধ্যম বিষয়টি প্রকাশের পর থেকে বিভিন্ন দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেয়া হচ্ছে। এই ঘটনায় গতকাল সারা দেশব্যাপী প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর ব্যতিক্রম হয়নি নারায়ণগঞ্জের বন্দরে।


 
এই ঘটনায় এরই মধ্যে নেত্রী নূপুর শর্মাকে বিজেপি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘৃণামূলক বক্তৃতা প্রদান, উসকানি দেওয়া, সমাজের শান্তি-সম্প্রীতি বিঘ্নিত করার মতো পরিস্থিতি তৈরি করার অভিযোগ এনে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় নবীন কুমার জিন্দালসহ সাংবাদিক, সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যদের নাম রয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন