সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ নেয়া হয়েছে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৮:০৯ পিএম
‘বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে আমাদের রেল ও নৌ-পরিবহন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এ দুটি যোগাযোগ ব্যবস্থাকে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে।’ নারায়ণগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে সোমবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
এ সময় তাঁর পাশে ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রেলমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটা বাংলাদেশের অন্যতম নদী বন্দর ও একই সঙ্গে ব্যবসায়িক জোন। ইতোমধ্যে সরকার একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেক্ষেত্রে ঢাকা-নারায়ণগঞ্জে মিটার গেজ থেকে ডুয়েলগেজে রেল লাইন হচ্ছে।
এ ডুয়েল গেজ প্রকল্প চলমান রয়েছে। নৌ-পরিবহনের নারায়ণগঞ্জ কেন্দ্রিক অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। সড়ক জনপথেরও অনেক প্রকল্প রয়েছে। সিটি করপোরেশনের অনেকগুলো প্রকল্প রয়েছে। এ উন্নয়ন প্রকল্পগুলো সমন্বিতভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারে।
এসময় উপস্থিত ছিলেন বি আইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সেলিম রওফ, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, বি আইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের পরিচালক মাসুদ কামাল প্রমুখ। এসএম/জেসি


