না.গঞ্জের দুই ব্যাংকে মিলবে নতুন টাকা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৬:২৭ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুন থেকে বাজারে নতুন টাকার নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকরা যেন ভোগান্তি ছাড়াই নতুন টাকার নোট সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখাগুলো থেকে এ টাকা ছাড় করা হবে। মঙ্গলবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে একই ব্যক্তি একবারের বেশি নতুন টাকার নোট নিতে পারবেন না। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ জুন হতে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিল ব্যাংকের শাখাসমূহের মাধ্যমে ১০, ২০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
এক ব্যক্তির একাধিকবার নোট উত্তোলনের সুযোগ না থাকলেও কোনো ব্যক্তি চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন। নারায়ণগঞ্জবাসী জেলার দুইটি ব্যাংক থেকে এ নতুন টাকা সংগ্রহ করতে পারবে। ব্যাংক দুটো হলো- মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ জেলা শাখা, এক্সিম ব্যাংক নারায়ণগঞ্জের শিমরাইল শাখা। এলিডি/জেসি


