রায়ের দিন নূর হোসেন অনুপস্থিত থাকায় জেল সুপারকে শোকজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৯:০০ পিএম
আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে আদালতে উপস্থিত করতে না পারায় নারায়ণগঞ্জের জেল সুপার মাহবুবুল আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আগামী ৪ আগস্ট তাকে সশরীরে এসে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট সালাহ উদ্দিন সুইট জানান, আজ নারায়ণগঞ্জ আদালতে নূর হোসেনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় রায়ের দিন ধার্য ছিল। এছাড়া মাদক মামলায় চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষীরা উপস্থিত থাকলেও আসামি নূর হোসেন অনপুস্থিত ছিলেন।
এ কারণে মামলা দুটির কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। একই দিনে ঢাকা মহানগর আদালতে নূর হোসেনের বিরুদ্ধে দুদকের একটি মামলার শুনানির দিন ধার্য ছিল।
এ কারণে নারায়ণগঞ্জ আদালতে তাকে হাজির করতে পারেননি। কিন্তু এ বিষয়টি আদালতকে আগে থেকে অবহিত না করায় বিচারক ক্ষুব্ধ হয়ে জেল সুপারকে শোকজ করেছেন। আগামী ৪ আগস্ট তাকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জেল সুপার মাহবুবুল আলম বলেন, ‘শোকজের বিষয়ে আমি কিছুই জানি না।’


