#এই ঘটনায় দুই মামলা, আটক ৪
সমালোচনা যেন পিছু ছাড়ছেই না বন্দরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। ব্যবসায়ীক নিয়ন্ত্রণ নিয়ে নিজ দলীয় নেতার সাথে দ্বন্দ্ব, মাদকসহ আটক, গত ইউপি নির্বাচনে নিজ দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে বিরোধী দলীয় প্রার্থীর প্রচারণায় অংশগ্রহণ করা সহ তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তবে এবার দুলাল প্রধানের প্রধান সহচর এবং দুলাল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
শুধু অভিযোগই না, এই ঘটনায় আলাদা দুটি মামলা এবং চারজনকে আটকের ঘটনা ঘটেছে। বুধবার বন্দরের আকিজ গ্রুপের কারখানায় দলবলসহ প্রবেশ করে হামলা লুটপাটের মামলায় গ্রেফতার হওয়া জিয়াউল হাসান বাবু দুলাল প্রধানের খাস লোক এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমলের ভাগিনা বলে জানা গেছে। মাহাবুবুর রহমান কমল এলাকায় দুলাল প্রধানের ডান-হাত হিসেবে পরিচিত।
এই ঘটনায় আকিজ গ্রুপের সিকিউরিটি সুপার ভাইজার মিজানুর রহমান (৩৬) বাদী হয়ে আসামী বাবু (৪০), মো. সাগর (৩০) এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০জনে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় একটি জ্বালানী তেল সরবরাহকারী গাড়ি (পিরোজপুর ঢ-৪১০০৮৯) আটকিয়ে রাখার অভিযোগে র্যাব-১১ কর্তৃক আটক হয় সালাউদ্দিন, সোহেল ও মোক্তার নামের আরও তিনজন। তারা সকলে দুলাল বাহিনীর সদস্য এবং ঘনিষ্ঠ সহচর বলে পরিচিত এবং কমলের নেতৃত্বে কাজ করে। দুলাল প্রধানের সহযোগী হিসেবে আকিজ কোম্পানীর মালামাল লোড-আনলোডসহ মাহাবুবুর রহমান কমলের নেতৃত্বে একটি বাহিনী এখানকার লাঠিয়াল বাহিনীর দায়িত্ব পালন করে থাকে বলে জানা যায়। অন্যদিকে আকিজ গ্রুপের যে কোন ঘটনা ধামাচাপা দিতে সেখানে সাংবাদিকদের নিয়ন্ত্রণে মধ্যস্থতার দায়িত্বও পালন করে কমল। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, তাদের ভয়ে এলাকায় কেউ কোন কাজ করতে পারে না।
মামলার বাদী মিজানুর রহমান (৩৬)এর মামলার বিবরণ থেকে জানা যায়, আসামী বাবু ও মো. সাগরসহ অজ্ঞাতনামা আসামীরা সংঘবদ্ধভাবে কারখানার ভিতরে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে নিরাপত্তা রক্ষীদের মারধর করে। পরে কাছে থাকা আকিজ গ্রুপের প্রকৌশলীসহ কর্মকর্তারা তাদের বাঁচাতে আসলে তাদেরও মারপিট জখম করে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় (১৪৩/৪৪৭/৩০৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ পেনালকোড -১৮৬০) ধারায় মামলা দায়ের করেন।
একই সাথে গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে মেঘনা ডিপো কোম্পানি থেকে একটি তেলে লরী জ্বালানী তেল নিয়ে সকালে বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানিতে আসে। পরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমলের নেতৃত্বে তাঁর সন্ত্রাসী বাহিনী তেল ভর্তি গাড়িটি আটকিয়ে চাঁদা দাবী করে। ওই সময় চাঁদা দিতে অস্বীকার করলে গাড়িটি আকিজ কোম্পানির গেটের সামনে আটকিয়ে রাখে। এই গাড়িটি ছাড়ার জন্য একাধিক ব্যক্তি চেষ্টা করলে সর্বশেষ তাদেরকে ১০ হাজার টাকার বিনিময়ে গাড়িটি ছাড়িয়ে বলে কমল। পরে র্যাব-১১ সংবাদ পেয়ে এসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে নিয়ে যায়। গ্রেফতৃারকৃতরা হলো- সালাউদ্দিন, সোহেল ও মুক্তার।
গাড়ির ড্রাইভার জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইলে মেঘনা কোম্পানী থেকে সকালে জ্বালানী তেল নিয়ে বন্দরে আকিজ সিমেন্ট কোম্পানিতে আসি। কিন্তু কিছুক্ষণ পর আমাদের কাছে কমল নামে এক ব্যাক্তির নেতৃত্বে একটি দল চাঁদা দাবী করে। তারা জানায় এখানে ব্যবসা করতে হলে তাদেরকে টাকা দিয়ে ব্যবসা করতে হবে। যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ গাড়ি এখান থেকে কেউ নিতে পারবে না বলেও হুমকি দেন তাঁরা। সর্বশেষ ১০ হাজার টাকা চাঁদাদাবী করে কমল, টাকা দিয়ে গাড়িটি নিয়ে যেতে হবে, নয়তো কেউ গাড়িটি নিতে পারবে না।
নাম প্রকাশ না করার শর্তে জানান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমল আকিজ সিমেন্ট কোম্পানি দিয়ে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। তিনি তাঁর বাহিনী দিয়ে গড়ে তুলেছে সন্ত্রাসীদের আখড়া। যার নেতৃত্বে দিয়ে থাকেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধান।
এই বিষয়ে জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, গতকাল রাতে আকিজের একটি মামলায় একজনকে আটক করা হয়েছে। তেলের গাড়ি থেকে চাঁদার বিষয়ে অটকের ঘটনায়ও র্যাব-১১ এর অভিযানে ৩জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। কথা বলার সময় এই বিষয়েও আলাদা মামলার প্রক্রিয়াধীন আছে বলে নিশ্চিত করেন তিনি।এমই/জেসি


