সাত বছরে নারায়ণগঞ্জে জনসংখ্যা বেড়েছে সাড়ে ৮ লাখ
হাসিবা নিঝুম
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৮:২৬ পিএম
বাংলাদেশের রাজধানী ঢাকা সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। এক সময় পাটের ব্যবসার সাফল্যের জন্য নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি খ্যাতি লাভ করে। প্রাচীণকাল থেকেই ব্যবসা বাণিজ্য ও কল-কারখানার জন্য সুনাম লাভ করে নারায়ণগঞ্জ। প্রাচীণবাংলার রাজধানী সোনারগাঁও এই নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। মোগলদের অনবদ্য সৃষ্টি তিনটি জলদূর্গের দুইটিই নারায়ণগঞ্জে অবস্থিত। ঢাকা বিভাগের সবচেয়ে ছোট এই জেলাটি বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী বুকে ধারণ করে অনেক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য বিখ্যাত। তবে সব কিছু ছাপিয়ে এখানকার সফল ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগের জন্য খুব দ্রুতই বেড়ে চলেছে ছোট এই জেলার জনসংখ্যা। যার প্রমাণ গত ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই ৭ বছরে এখানকার লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৮ লাখ। অথচ গত ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সোয়া লাখ।
৬শত ৮৩ দশমিক ১৪ বর্গমিটার আয়তনের এই জেলার সকল প্রশাসনিক দপ্তরগুলো সদর উপজেলায় অবস্থিত হলেও সদর ও এর আশেপাশের উপজেলাগুলোতেও প্রচুর কল-কারখানা গড়ে উঠা এই জেলার শীতলক্ষ্যার তীরবর্তী নদী বন্দরটি এক সময় বাংলাদেশের প্রধান নদীবন্দর হিসেবে পরিচিত ছিল। যা বর্তমানে দ্বিতীয় বৃহত্তর নদী বন্দর হিসেবে পরিচিত। এ বছরের (২০২২ সাল) জনশুমারী ও গৃহগননার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই জেলায় বর্তমান লোকসংখ্যা ৩৯ লাখ ৮ হাজার ৩ শত ৭৯ জন বলে জানা যায়। এর মধ্যে পুরুষের সংখ্যা ২০ লাখ ১৫ হাজার ৮ শত ৪৫ জন, নারীর সংখ্যা ১৮লাখ ৯২ হাজার ১ শত ৬২ জন ও তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩ শত ৬৪ জন । মোট জনসংখ্যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পেরেশন এলাকায় বাস করে ৯ লাখ ৬৭ হাজার ৭ শত ২৪ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৯৯ হাজার ৮ শত ৫৪ জন, নারী ৪ লাখ ৬৭ হাজার ৭ শত ৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ৯৯ জন বাস করে । যার গত ২০১৫ সালের তথ্য অনুযায়ী জনসংখ্যা ছিল ৩০ লাখ ৭৪ হাজার ৭৭ জন। অর্থাৎ সাত বছরে জেলার মোট জনসংখ্যা বেড়েছে ৮ লাখ ৩৪ হাজার ২ শত ৯৪ জন ।
অন্যদিকে গত ২০১১ সালের জনশুমারি অনুযায়ী জেলার মোট জনসংখ্যা ছিল ২৯ লাখ ৪৮ হাজার ২ শত ১৭ জন। যার মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার জনসংখ্যা ১৩ লাখ ২৩ হাজার ৬শত জন। বন্দর উপজেলার জনসংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮ শত ৪১ জন। সোনারগাঁও উপজেলায় ৪ লাখ ৩ শত ৫৮ জন। রূপগঞ্জ উপজেলায় ৫ লাখ ৩৪ হাজার ৮ শত ৬৮ জন এবং আড়াইহাজার উপজেলায় জনসংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৫ শত ৫০ জন।এমই/জেসি


