খাবারের বদলে ছাত্রলীগ নেতা শরিফুলের চড়-থাপ্পর খেল যুবক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৭:৫৯ পিএম
# ফতুল্লা জুড়ে নিন্দার ঝড়
# দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা বলছে তৃণমূল
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে খাবার বিতরন নিয়ে এক যুবককে চর থাপ্পর মারার ঘটনা নিয়ে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরিফুল হকের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র সমালোচনা ঝড় বইছে ফতুল্লায়। সোমবার (১৫ আগষ্ট) দুপুর ২টায় ফতুল্লা আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা।
দেখা যায়, নারায়ণগঞ্জে শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুপুর ২টায় ফতুল্লা প্রাইমারী স্কুলে আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানটি উদ্বোধন করে চলে যাবার কিছুক্ষণ পরেই ঘটে শরিফুল হকের ন্যাক্কারজনক ঘটনাটি। শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে।
মিলাদ মাহফিল শেষ হলে কাঙ্গালি ভোজ বিতরণ ঘটনায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারন সদস্য আবু মোহাম্মদ শরিফুল হক শাকিল নামে এক ছেলে প্রকাশ্য রাস্তায় একের পর চড় থাপ্পড় মারেন। পরে অনুষ্ঠানের অন্যান্য লোকজন শরিফুল হককে বাঁধা দিলে শাকিল শরিফুলের হাত থেকে আরো মার খাওয়া থেকে বেঁচে যায়। এবিষয়ে শাকিলের কাছে জানতে চাইলে সে জানায়, খাবার নেবার সময় ধাক্কাধাক্কি হয়।
এসময় আমিও ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যাই। ধাক্কাধাক্কি হওয়ায় শরিফুল ভাই আমাকে থাপ্পড় মারতে থাকেন। তিনি অনেকগুলো থাপ্পড় মারেন আমাকে। থানা আওয়ামী লীগের সাধারণ সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হয়েও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে সাধারণ ধাক্কা নিয়ে মারধর করার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন ফতুল্লা থানা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একটি জাতীয় অনুষ্ঠানে এই ধরনের ঘটনায় আশাজনক নয় বলে মনে করেন তারা। এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন,শরিফুলের এই ধরনের ঘটনা মোটেও করা উচিত হয় নাই। খুবই দুঃখজনক একটা ঘটনা এটি। ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপন বলেন, আসলে স্কুলে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি জানি না। আর এই ধরনের ঘটনা দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা।
এব্যাপারে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরিফুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।এসএম/জেসি


