‘২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে’
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৭:২৬ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে বেঁচে থাকি আর না থাকি, ক্ষমতায় শেখ হাসিনাই থাকবে। চ্যালেঞ্জ করে বললাম। লগি, বৈঠা দেখেছেন। আরও অনেক কিছু দেখবেন। জনগণের ভোটে ক্ষমতায় আসেন, কোন আপত্তি নেই। পেছনের দরজা দিয়ে আসতে যদি চেষ্টা করেন, পারবেন না। আমাদের প্রস্তুত থাকতে হবে। এ যুদ্ধ হবে দেশ বাঁচানোর যুদ্ধ।
সোমবার (২২ আগষ্ট) রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় রয়েল প্যালেসে থানা আওয়ামী লীগের এক কর্মীসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান আরো বলেন, একাত্তরের ঘন্টা নারায়ণগঞ্জ থেকে বেজেছে, ঊনসত্তরের ঘন্টা ও বেজেছে। ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ঘন্টাও নারায়ণগঞ্জ থেকে বেজেছে। প্রয়োজনে আবারও নারায়ণগঞ্জ থেকে ঘন্টা বাজানো হবে। আপনারা কথায় কথায় বলেন- রাজপথ দখল করবেন। যদি পুরুষ হয়ে থাকেন, নামেন মাঠে। আমাদের শরীরে জং ধরে গেছে, আসুন মাঠে নামি। ঢাকায় নামবেন? আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে দেখা করে আসবো।
নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আমি রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিবো। তবুও দেশ বাঁচাতে শেখ হাসিনার জন্য রাস্তায় নামেন। নিজেদের অবস্থান ক্লিয়ার করুন। যাদের সাথে ভালো সম্পর্ক, বুঝিয়ে বলুন। বিএনপির মুক্তিযোদ্ধাদের বলবো আসুন, এখন হাতে হাত রেখে দেশ বাঁচানোর সময়। আমরা ভালো মানুষগুলোকে একসাথে নিয়ে একটি উন্নত বাংলাদেশ বানাতে চাই। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সকালে ঘুম থেকে ওঠেন, ক্ষমতার চর্বি গায়ে লাগাবেন না।
ওরা ধর্মের নামে একাত্তর সালে মানুষ মেরেছে। ওরা এখন বড় বড় কথা বললে আমরা কি শুনবো? আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এসএম/জেসি


