Logo
Logo
×

বিশেষ সংবাদ

এসপি-ওসিসহ ৪২ পুলিশের বিরুদ্ধে বিএনপির করা হত্যা মামলা খারিজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

এসপি-ওসিসহ ৪২ পুলিশের বিরুদ্ধে বিএনপির করা হত্যা মামলা খারিজ
Swapno

 

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিতে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় আজ ৪ সেপ্টেম্বর  সকালে  বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলার পুলিশ সুপারসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন। কিন্তু আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালত মামলাটি খারিজ করার আদেশ দিয়েছেন।  

 

 

নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

 

মামলাটি খারিজ করার বিষয়ে বাদীর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার যুগের চিন্তাকে জানান, ‘সকল গণমাধ্যম বলেছে, পুলিশ গুলি করেছে। সে সকল ঘটনা দরখাস্তে উল্লেখ করে প্রমাণসহ আদালতে দাখিল করেছি। তবে সেই বিষয়টি আমলে না নিয়ে খারিজ করে দেওয়াটা উদ্দেশ্য প্রণোদিত। এখানে কারও চাপ উপেক্ষা করতে না পেরে তিনি বেআইনিভাবে মামলাটি খারিজ করে দিয়েছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের এই আদেশ আইনের পরিপন্থী। এ বিষয়ে আমরা আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।’

 

 

মামলাটি খারিজ করার বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা মোতাবেক আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।

 

 

উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি একটি শোভাযাত্রা বের করলে, পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয় প্রায় শতাধিক মানুষ। এই সময় পুলিশের পক্ষ থেকে গুলি টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। 

 

 

সেই দিন ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী নগরের ডিআইটি এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলার এক পর্যায়ে যুবদল কর্মী শাওন প্রধান গুলিবিদ্ধ হয়, পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)’তে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাওনকে মৃত ঘোষণা করেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন