উচ্চ আদালতে আগাম জামিন পেলেন মান্নান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫ এএম
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
আজ সোমবার দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন পান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী। অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান জানান, আমরা আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের সেই আবেদন মঞ্জুর করেছেন।
গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি বের করতে গেলে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এসময় তাদের উপর লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ মিছিলে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করতে থাকে। সেসময় পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত আজহারুল ইসলাম মান্নান। এ ঘটনায় সেদিন শাওন নামে এক যুবদল কর্মী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিএনপি নেতাদের দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয় শাওনের। পরদিন পুলিশের দায়ের করা মামলায় আসামী হন মান্নান। আজ উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।


