হকার ইস্যুতে গুলি করা শাহ নিজাম,কমিউনিটি পুলিশ কর্মকর্তা-এড.মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম
# মেয়রকে নিরাপদ রাখার জন্য লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলাম : শাহ নিজাম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, মৌমিতা নারায়ণগঞ্জ শহরটাকে শেষ করে দিচ্ছে এই মৌমিতাকে বন্ধ করতে হবে, আমি আজকে আহবান জানাই এক সপ্তাহের মধ্যে এই মৌমিতাকে এই শহর থেকে উচ্ছেদ করতে হবে।
জেলা প্রশাসক সাহেবকে বলতে শুনেছি ওই যে খান সাহেব ওসমান আলীর যে পুকুর, সেই পুকুরে অবৈধ সব বাস ফেলে দিবে। জেলা প্রশাসক ব্যর্থ। মুখে মুখে অনেক কথা বলা যায়, অনেক কথা বললে হয় না যদি বাস্তবায়ন না হয়। হকার ইস্যুতে ওই শাহ নিজাম গুলি করেছে। নিয়াজুল গুলি করেছে তারপরেও থানায় মামলা হয় না হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলার অনুসন্ধান চলছে।
শাহ নিজাম, নিয়াজুল এখন বড় নেতা; কমিউনিটি পুলিশের কর্মকর্তা ওই শাহ নিজাম। গতকাল মঙ্গলবার নাসিকের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় এ কথা বলেন অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম। ওয়াসায় কর্মচারীরা যারা কাজ করছে তারা ঠিকমত কাজ করছে না, কোথায় যেন একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে পূরণ করতে হবে, ওয়াসা থেকে যারা কাজ করছে এটার ভিতরে ওদের কোন ছাঁয়া আছে কিনা; প্রচ্ছন্ন সেইটা আপনাকে দেখার জন্য অনুরোধ করব।
ওদের কোন ছায়া স্যাবোটেজ করার মত বিষয় কাজ করছে কিনা, এটা দেখতে হবে। আর এটাকে দেখার জন্য আপনাকে ত্বরিত গতিতে প্রয়োজনে কাউন্সিলরদের নিয়ে একটা ছোট টিম করে সবসময় মনিটরিং এর মধ্যে রাখার জন্য আমি অনুরোধ করব।
মৌমিতা একটা সেন্ডিকেট করে নারায়ণগঞ্জ শহরটাকে শেষ করে দিচ্ছে এই মৌমিতাকে বন্ধ করতে হবে আমি আজকে আহবান জানাই এক সপ্তাহের মধ্যে এই মৌমিতাকে এই শহর থেকে উচ্ছেদ করতে হবে। এখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তরা আছে রুট পারমিট যদি না থাকে তাহলে মৌমিতা ঢুকবে কি করে; অনাবিল ছিল অনাবিল সরে গেছে।
বাস মালিকদের কাছে জিম্মি হয়ে গেছে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন। সুতরাং আমার কথাটা হচ্ছে মৌমিতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, আপনে আমাদের নেতৃত্ব দিবেন। এক সাথে দশটা মৌমিতা দাড়িয়ে থাকে ট্রাফিকে কিছু করতে পারে না ওইটা এক অনৈতিকতার জায়গা আছে সেইটা নাই বা বল্লাম। বাসের কি মালিকরা, নারায়ণগঞ্জবাসীর থেকে শক্তিশালী? কাউন্সিলরদের থেকে শক্তিশালী? মেয়রের চেয়ে শক্তিশালী? পুলিশের থেকে শক্তিশালী? জেলা প্রশাসনের থেকে শক্তিশালী?
তিনি আরও বলেন, মেয়র মহোদয়কে একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই আপনার যত লড়াই সংগ্রাম আছে, সেই লড়াই সংগ্রামের সাথে আমার সকলেই থাকব পিছু হাটার লোক আমরা না। যত বড় ভাই হোক, ছোট ভাই হোক, সেজু ভাই হোক, কোন ভাইকে আমরা পড়োয়া করি না; নারায়ণগঞ্জের স্বার্থে ওই ভাইদের প্রত্যাখান করতে চাই।
আর ওই ভাইদের বলতে চাই দয়া করে নারায়গঞ্জে ফিরে আসেন; নারায়গঞ্জে ফিরে এসে নারায়ণগঞ্জের মানুষের কষ্ট বুঝেন ফতুল্লা পানির জলে ভেসে যাচ্ছে। কথায় কথায় একটা কথা বলে একজন জনপ্রতিনিধি মীর জুমলা রোড নাকি মেয়র দখল করে। মেয়র যদি দখল করে থাকে তাহলে সিটি কর্পোরেশন দখল করেছে, সিটি কর্পোরেশন যদি দখল করে থাকে তাহলে এর ব্যাখ্যা আছে।
ওনার কেডাররা যখন মাসোহারা পাচ্ছে, ওনার কেডাররা যখন হকার বসায়, ওনার কেডাররা যখন এখানে মাসোহারা পেয়ে ফুটপাত দখল করে খায়, তখন এই কথাট আসে না। সুতরাং একটা অপশক্তি নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে এই অপশক্তি থেকে আমরা মুক্তি চাই আর মুক্তি চাই বলে; আমাদের লড়াই সংগ্রাম আছে থাকবে।
আপনে সামনের কাতারে নেতৃত্বে আছেন; সেই নেতৃত্ব সারাজীবন থাকবেন, যতক্ষণ আপনার সামর্থ্য আছে। এই হকাররা আটটা দশটা ছেলে আমাদের উপর হামলা করে আমার স্মৃতিতে ভাসে মুহুর্তের মধ্যে মাথা ফেটে যাচ্ছে রক্ত বের হচ্ছে। আপনার পায়ে আঘাত লেগেছে; আপনাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
হকার ইস্যুতে ওই শাহ নিজাম গুলি করেছে, নিয়াজুল গুলি করেছে, তারপরেও মামলা হয় না, হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলার অনুসন্ধান চলছে। তারা এখন বড় নেতা কমিউনিটি পুলিশের কর্মকর্তা ওই শাহ নিজাম। নারায়ণগঞ্জ প্রশাসন কতাটা জিম্মি হয়ে আছে তা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করলেই তা সহজে অনুমেয়। আমরা আমাদের মত করে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে চাই।
এদিকে বাজেট অনুষ্ঠানে এড. মাসুমের দেয়া ব্যক্তব্যের প্রতি ইঙ্গিত করে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আশ্চর্য হই যখন দেখি কোন রাজাকারের সন্তান স্বাধীনতার ৫০ বছর পরেও নৌকা নিয়ে নির্বাচিত মেয়রের সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলে।
এরা এক শ্রেণির দালাল যারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলে। এরা স্বার্থের প্রয়োজনে প্রতিনিয়ত প্রশাসনের বিরুদ্ধে কথা বলে।এরা তারাই যারা দিগন্ত টিভি খুলে দেয়ার জন্য মানব বন্ধন করে। যদিও এই ধরনের দালালরা নারায়ণগঞ্জের মানুষের কল্যাণে জীবনে কিছু করেছে এমন কোন নজির নাই; এরা সংঘবদ্ধ দালাল চক্র; দালালী করা এদের পেশা।’
তিনি আরো বলেন, ‘এদের কথায় আমার কিছু যায় আসে না। আমি সেদিন মেয়রকে নিরাপদ রাখার জন্য লাইসেন্স করা পিস্তল হাতে নিয়েছিলাম যেদিন মেয়রকে সামনে ঠেলে দিয়ে এই দালালরা পিছন থেকে পালিয়েছিলো। ওদের টার্গেট ছিলো মেয়রকে বিপদে ফেলে নারায়ণগঞ্জের রাজনীতির নতুন মেরুকরণ সৃষ্টি করতে। ওদের এই নীল নকশা বুঝতে পেরেছিলাম বলেই মেয়রের নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করেছিলাম; এমপি শামীম ওসমানের নির্দেশে।
এ দিন নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে। এন.এইচ/জেসি


