‘নাসিম ওসমান সেতু’র’ উদ্বোধন হলো আজ ১০ই অক্টোবর (সোমবার)
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৬:৪০ পিএম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ‘নাসিম ওসমান সেতু’র’ উদ্বোধন হলো আজ ১০ই অক্টোবর (সোমবার)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করছেন।
প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ জানান, ১২৩৪ দশমিক ৫০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ দশমিক ৫৬ কোটি টাকা। এর মধ্যে সৌদি উন্নয়ন তহবিলের ৩৪৫ দশমিক ২০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের অর্থায়ন ২৬৩ দশমিক ৩৬ কোটি টাকা।
তিনি আরও জানান, নদীতে পাঁচটিসহ সেতুর পিলারের সংখ্যা মোট ৩৮টি। মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট দিয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা সুপার এক্সপ্রেসওয়ের মাধ্যমে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হবে এই সেতু। এতে কাঁচপুর, সাইনবোর্ডসহ কমবে রাজধানীর যানজট।
সেইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হবে। সেতুটি ঢাকা-চট্টগ্রাম মহাড়কের সঙ্গে পদ্মা সেতুর দূরত্ব কমাবে ৯ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ শহরের সঙ্গে মেলবন্ধন তৈরি করবে বন্দর উপজেলার। পাল্টে যাবে বন্দরের চেহারা।
বন্দর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ জানান, নারায়ণগঞ্জ শহর থেকে বন্দর উপজেলাকে বিচ্ছিন্ন করে রেখেছিল শীতলক্ষ্যা নদী। এই নদী পারাপারে নানান ভোগান্তি পোহাতে হতো এ অঞ্চলের মানুষকে।
৬ লেনের এ সেতুর ৪ লেনে দ্রুতগতির যানবাহন এবং ২ লেনে চলবে রিকশা-সাইকেল ভ্যানসহ স্বল্পগতির যানবাহন। সেতুর দুই পাশের রেলিং ঘেঁষে রয়েছে ফুটপাত। পায়ে হেঁটেও পাড়ি দেওয়া যাবে এই সেতু।
সেতুটি চালু হলে অর্থনৈতিক সূতিকাগারে পরিণত হবে শীতলক্ষ্যা নদীর দুই তীর তথা বন্দর ও নারায়ণগঞ্জ। ইতিমধ্যেই সেতুকে ঘিরে অসংখ্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। পাশাপাশি নারায়ণগঞ্জ ব্যবসাকেন্দ্রীক হওয়ায় ব্যবসায়ীদের দৃষ্টি এখন নারায়ণগঞ্জ বন্দরকে ঘিরে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জে নানান দিকে নানান কাজ চলছে। কাজগুলো শেষ হলে ঢাকাকে বলব, নারায়ণগঞ্জ এসে দেখে যান। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেক হাসিনা কে ধন্যবাদ জানাই।’
জানা গেছে, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নানা সীমাবদ্ধতা ও সংকটের কারণে কাজ শুরু করতে ২ বছর লেগে যায়।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ১ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শুরু হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সেতু বাস্তবায়নে ব্যয় ধরা হয় প্রায় ৬০০ কোটি টাকা। সম্প্রতি সরকারি নির্দেশে ৩য় শীতলক্ষ্যা সেতুটির নামকরণ করা হয় ‘নাসিম ওসমান সেতু।’ এন.এইচ/জেসি


