প্রধানমন্ত্রীর কাছে ত্বকীসহ শহরের সকল হত্যার বিচার চাই:মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৬:৪৯ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেছেন, আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। কারন মানবতার জননী তিনি। আমরা আজকের এই দিনে এখানে দাঁড়িয়ে দাবী জানাচ্ছি নারায়ণগঞ্জের ত্বকী হত্যারও বিচার করা হোক। এ শহরে এমন অনেক হত্যাকান্ড হয়েছে। আমরা সে সকল হত্যাকান্ডেরও বিচার চাই।
সোমবার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শেখ রাসেল পার্কে সিটি করপোরেশনের পক্ষ থেকে চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন মেয়র তিনি বলেন, আমরা চাই না পৃথিবীতে আর কোন ফ্যামিলিকে এভাবে হত্যা করা হোক। রাসেলের মত ছোট বাচ্চাকে হত্যা করা হোক। সকল বাচ্চাদের হত্যা করা অপরাধ।
নারায়ণগঞ্জ শহরে যত বাচ্চাদের হত্যা করা হয়েছে আমরা সে সকল হত্যাকান্ডের প্রতিবাদ জানাই। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে যত শিশু হত্যাকান্ড হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সেগুলোরও বিচার করেন। তিনি আরও বলেন, আমরা এ পার্ক করেছি শেখ রাসেলের নামে। শেখ রাসেলকে স্মরনীয় করার জন্য এ পার্কের নাম শেখ রাসেলের নামে হয়েছে। মাননীয় রেল মন্ত্রীকে বলব আপনি এখানে এসে দেখেন। এবং পার্কটি আমাদের করে দেন।
বঙ্গবন্ধু ট্রাস্ট থেকেই এ পার্কের অনুমোদন দেয়া আছে। আমি জানি না আপনি কেন এটা দিতে চাচ্ছেন না। আপনি এখানে আসেন আমাদের সাথে কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জসহ সকল বিশ্বের নাগরিকদের বলতে চাই এমন বর্বরোচিত হত্যাকাণ্ড যেন আর কখনও না হয়। আমরা যেন মাথা উচু করে দাঁড়াতে পারি। রাতের অন্ধকারে যেন কেউ ক্ষমতায় না বসতে পারে সে আশাবাদ ব্যাক্ত করছি।


