ফতুল্লায় শিশু অপহরণের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৩:০৮ পিএম
ফতুল্লায় মুক্তিপণ আদায়ে ছয় বছর বয়সী শিশুকে অপহরণের ঘটনায় অপহৃত শিশু সানজিদাকে উদ্ধারসহ স্বামী- স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার শাহ মোহাম্মদ হুমায়ুন কবিরের পুত্র শাহ মোঃ আজমির (২৪) ও তার স্ত্রী ইমু আক্তার (২২)।
বৃহস্পতিবার দিবাগত রাত দুই টার দিকে ফতুল্লা মডেল থানার বিসিক এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধারসহ গ্রেফতার করা হয় অপহরণকারী আজমির ও তার স্ত্রী কে। এ ঘটনায় অপহৃত শিশুটির বাবা আব্দুল হক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পাগলাস্থ বাসার সামনে খেলার সময় বাদীর ছয় বছর বয়সী শিশু মেয়ে সানজিদা নিখোঁজ হয়।তাকে খোঁজাখুজির এক পর্যায়ে রাত সাতটার দিকে গ্রেফতারকৃত আজমির স্থানীয় ফ্যাক্সি লোডের দোকান মালিক আরিফের ফোনে ফোন করিয়া জানায় সানজিদা কে রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে।
এ বিষয়ে শিশুর বাবা- মায়ের সাথে কথা বলতে চায় অহরনকারী। পরবর্তীতে ফ্যাক্সি লোড দোকানী আরিফ বাদীর স্ত্রী কে ডেকে এনে বিস্তারিত জানিয়ে গ্রেফতারকৃত আজমিরীর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করার জন্য বলে।
তারা যোগাযোগ করলে শিশুটির মুক্তিপণ হিসেবে প্রথমে ২০ হাজার টাকা দাবী করে।এক পর্যায়ে ১২ হাজার টাকা দাবী করে। তখন বিষয়টি মৌখিক ভাবে পুলিশ কে অবগত করা হয়। গ্রেফতারকৃতের দাবীনুযায়ী প্রথমে বিকাশ নাম্বারে দুই হাজার টাকা প্রদান করা হয়।এবং বাকী দশ হাজার টাকা সরাসরি দেওয়া হবে বললে গ্রেফতারকৃত আজমির তাদের কে বিসিক এলাকায় যেতে বলে।
পরে পুলিশ সেখানে গিয়ে আজমির কে গ্রেফতার করে পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার স্ত্রী ইমু আক্তার কে গ্রেফতার সহ উদ্ধার করে অপহৃত শিশুটিকে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আব্দুর রউফ জানায়,শিশু অপহরনের ঘটনায় স্বামী- স্ত্রী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এন.এইচ/জেসি


