নদী দূষণকারী চার কারখানার গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০৭:৪৩ পিএম
নারায়ণগঞ্জে নদী দূষণকারী চারটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বিদ্যুৎ বিছিন্নকারী টিম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টিম এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
সংযোগ বিচ্ছিন্ন করা কারখানাগুলো হলো- আড়াইহাজারের দুপ্তারার গির্দা নগরপাড়া এলাকার মায়ের দোয়া ডাইং ও রোমান নিউ কালার ডাইং, কালিবাড়ির মরিয়ম টেক্সটাইল দুপ্তারার সাদিকা টেক্সটাইল, রূপগঞ্জের আড়িয়াবের কামাল স্টিল মিলস (ওয়াকিফ মেটাল ইন্ডাস্ট্রিজ)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, কারখানাসমূহ দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ব্যতিত কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল। তন্মধ্যে কামাল স্টিল মিলস (ওয়াকিফ মেটাল ইন্ডাস্ট্রিজ) নামক কারখানাটি হালনাগাদ নবায়ন ব্যতিত এবং ইটিপি অকার্যকর রেখে কারখানা পরিচালনা করছিল।
ইতোপূর্বে কারখানাসমূহকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা হতে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করা হলেও উক্ত নির্দেশনা না মেনে কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছিল। বিভিন্ন দূষণকারী কারখানার অব্যাহত দূষণ স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নারায়ণগঞ্জে দূষণকারী সকল কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


