নারায়ণগঞ্জে নতুন জঙ্গি সংগঠনের অর্থ দাতাসহ ৩ জন গ্রেফতার: র্যাব
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০৯:২৮ এএম
নতুন জঙ্গি সংগঠন ‘‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র” অন্যতম দুইজন অর্থদাতাসহ ০৩ জনকে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেফতার ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ একজন নারী সদস্যকে ডি-রেডিকালাইজড করে পরিবারের নিকট ফিরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিবাদে জড়ানো বাড়িছাড়া তরুণ এবং ‘‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া” সংগঠনের অন্যতম দুইজন অর্থদাতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জঙ্গিবাদে উদ্বুদ্ধ একজন নারী সদস্যকে ডি-রেডিকালাইজড করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
“পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ শিবিরে ৫০ এর অধিক প্রশিক্ষণার্থী রয়েছে বলে জানা যায়। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হচ্ছে।
এছাড়া উগ্রবাদী এই সংগঠনে ছয়জন শূরা সদস্য রয়েছে, যারা দাওয়াতী, সামরিক, অর্থ, মিডিয়া ও উপদেষ্টার দায়িত্বে রয়েছে। শূরা সদস্য আবদুল্লাহ মাইমুন দাওয়াতী শাখার প্রধান, মাসকুর রহমান সামরিক শাখার প্রধান, মারুফ আহমেদ সামরিক শাখার দ্বিতীয় ব্যক্তি, মোশারফ হোসেন ওরফে রাকিব অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান, শামীম মাহফুজ প্রধান উপদেষ্টা ও প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধায়ক এবং ভোলার শায়েখ আলেম বিভাগের প্রধান হিসেবে সংগঠনটিতে দায়িত্ব পালন করছেন।” এন.এইচ/জেসি


