নারায়ণগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৬:৫৮ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল (১৪ নভেম্বর) দুপুর ১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, কৃষকরা বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। নানা দুঃসময়ে কৃষকদের ভূমিকা ছিলো অপরিসীম।
আজ আপনারা যে বীজ ও সার নিচ্ছেন কাজে লাগাবেন। আপনারা খাদ্য উৎপাদন যুদ্ধে জয়ী হতে পারলে বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে। বিশ্বে খাদ্য সংকট হলেও বর্তমান সরকারে শাসনামলে দেশে কোন খাদ্য ঘাটতি বা সংকট হয়নি।
দেশের প্রতিটি জমিতে খাদ্য উৎপাদন করতে হবে বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আপনারা খালি জমি ফেলে না রেখে বিভিন্ন সবজির চাষ করবেন। এতে করে নিজেরাও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন সহ প্রমুখ। এন.এইচ/জেসি


