Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ পিএম

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Swapno

 

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের (বাংলাদেশে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অর্থনৈতিক অঞ্চলটি উদ্বোধন করেন তিনি।

 

 

এসময় আড়াইহাজার প্রান্ত থেকে বক্তব্য রাখেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানের সুমিতমো কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাইউকি হিওদো, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।

 

 

এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি যখন ১৯৫৪ সালে প্রথম মন্ত্রী হয়েছিলেন তখনই তিনি প্রথম এই অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলার উদ্যোগ নেন।

 

 

পরবর্তীতে আবারও তিনি মন্ত্রীর দায়িত্ব পেয়ে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার ব্যবস্থা নিয়েছিলেন। সেসময় তিনি শ্রম ও বানিজ্যমন্ত্রী ছিলেন। স্বাধীনতার পর তিনি কলকারখানা জাতীয়করণ করে পুনরায় চালু করেছিলেন। জাতির পিতার লক্ষ্য ছিল আমাদের কৃষি প্রধান দেশ, পাশাপাশি শিল্পায়নও ঘটবে।

 

 

জাপান যেভাবে কৃষি নির্ভর দেশ থেকে শিল্পায়ন হয়েছে জাতির পিতা সবসময় জাপানকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতেন। জাপান আমাদের অকৃত্রিম বন্ধু। জাপান সবসময় আমাদের পাশে ছিল। এ সোনারগাঁ হোটেল যমুনা সেতু নির্মাণ এমনকি পদ্মা সেতু নির্মাণেও জাপান সহায়তা করেছে। বাংলাদেশের উন্নয়নে জাপানের অনেক অবদান রয়েছে। আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাই।

 

 

তিনি বলেন, আমরা প্রথম যখন ক্ষমতায় আসি তখন প্রথম আমরা সৈয়দপুরে ইপিজেড গড়ে তুলি। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে পাশাপাশি শিল্পায়নও ঘটাতে হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমরা শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত নেই যাতে কৃষিজমি নষ্ট না হয়। অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সাড়া বাংলাদেশে যে সকল জমিতে ফসল কম হয় এমন একশটি জায়গা ৬৪ জেলায় বেছে নেয়া হয়েছে। এতে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

 

 

তিনি আরো বলেন, এখনে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যাবস্থা রয়েছে। এখানে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার আমরা উপার্জন করছি। অনেক মানুষ এখানে কাজ করছে। সব ধরনের সুযোগ সুবিধা রেখেই আমরা এ অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলছি।

 

 

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে আমি যখন জাপানে যাই তখনই জাপানের প্রয়াত প্রধানমন্ত্রীর সাথে এ চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও জাপান আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দিচ্ছে। আমাদের পঞ্চাশ বছরের বন্ধুত্বের এটি একটি নিদর্শন। আমাদের বন্ধুত্ব অটুট। জাতির পিতা যখন জাপান গিয়েছিলেন তখনই তিনি পদ্মা সেতুসহ নানান বিষয়ে আলোচনা করেন। পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি কিন্তু এখানে জাপানের অনেক অবদান রয়েছে।

 

 

''যারাই এখানে উন্নয়ন করতে আসবে তারা করতে পারবে। আমরা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছি। তারা তা ভোগ করতে পারবে। আমাদের ডীপ সী পোর্ট হচ্ছে। নৌপথ ও সড়কপথেও উন্নয়ন হয়েছে। ফলে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। তরুণরা যেন বিনিয়োগ করতে পারে সেজন্য আমরা নানা কর্মসূচি ও স্বল্প সুদে ঋনের ব্যাবস্থ করছি। পৃথিবীতে বাংলাদেশ বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। বিনিয়োগ বান্ধব আইন ও নীতিমালা করেছি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসও চালু করা হয়েছে।''

 

 

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গা উল্লেখ করে তিনি বলেন, আমরা তারপরেও আমাদের জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে পেরেছি। বাংলাদেশে বিনিয়োগ করলে দক্ষিণ-পূর্ব এশিয়া এমনকি পশ্চিমা দেশগুলোতেও পন্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। বিনিয়োগের জন্য সবচেয়ে উত্তম জায়গা বাংলাদেশ। আমাদের দেশের মানুষ আরও বেশি নিজের দেশে বিনিয়োগ করতে উৎসাহিত হবে আশা করি।

 

 

তিনি বলেন, আমাদের শিল্পাঞ্চল গুলো যাতে পরিবেশবান্ধব হয় সে জন্য নানা ব্যবস্থা নিচ্ছি। বর্জ্য পরিশোধনের জন্য আমরা সেন্ট্রাল বর্জ্য পরিশোধনাগার করে দিচ্ছি। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব বর্জ্য পরিশোধনগার রাখাও বাধ্যতামূলক করেছি। জাপানের এই উদ্যোগ অন্যান্য দেশকেও আমাদের দেশে বিনিয়োগ করতে উৎসাহিত করবে বলে আশা করি।

 

 

তিনি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। আমাদের দুই দেশের পতাকার মাঝেও মিল রয়েছে। জাপানকে আমি বাংলাদেশের জনগনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

 

২০১৪ সালে প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের পথ চলা শুরু হয়। ২০১৬ সালে জাইকা বাংলাদেশে একটি জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সম্ভাব্যতা সমীক্ষার কাজ হাতে নেয় এবং একই বছর জাপান সরকার বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনকে ডেভেলপার হিসাবে নিয়োগ করার জন্য সুপারিশ করে।

 

 

২০১৮ সালে সম্ভাব্যতা সমীক্ষা শেষে জাইকা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পক্ষে মত প্রদান করে। পরবর্তীতে যৌথ উদ্যোগে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে ২০১৯ সালে বেজা ও সুমিতোমো করপোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

 

 

বেজা ২০১৯ সালে প্রস্তাবিত এলাকায় জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন কাজ শুরু করে। জাপানিজ অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৫০০ একর ভূমি উন্নয়ন কাজ শেষ পর্যায়ে রয়েছে পাশাপাশি নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক, রিটেনশন পন্ড, নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। নির্মাণ শুরু হয়েছে অভ্যন্তরীণ সড়ক, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।

 

 

এ পর্যন্ত কোম্পানির অনুকূলে ১৮০ একর উন্নত জমি বাংলাদেশ স্পেশাল ইকোনোমিক জোনকে হস্তান্তর করা হয়েছে এবং তা শিল্প কারখানা তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে। অবশিষ্ট জমি খুব শীঘ্রই হস্তান্তর করা হবে। এতে বেজার শেয়ার থাকছে ২৪%, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ১৫% এবং সুমিতোমো করপোরেশনের ৬১%।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন