Logo
Logo
×

বিশেষ সংবাদ

না`গঞ্জে বইমেলার সময় বাড়লো আরো একদিন

Icon

আবু সুফিয়ান

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

না`গঞ্জে বইমেলার সময় বাড়লো আরো একদিন
Swapno

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সহযোগিতায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় টাউন হল (জিয়া হল) প্রাঙ্গণে গত এক সপ্তাহ আগে ১১ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জেলা বইমেলা। সপ্তাহব্যাপী এই বইমেলাটি শেষ হওয়ার কথা ছিল ১৭ ডিসেম্বর ২০২২। জাতীয় গ্রন্থ কেন্দ্র ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলার সময়কাল আরো একদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ এই বইমেলাটি চলবে ১৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। এবারের আয়োজিত এই বইমেলায় ২৫টি প্রকাশনা সংস্থাসহ সরকারি বেসরকারি ৩৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

 

৩৮টি স্টল নিয়ে আয়োজিত মেলায় দেশ বিদেশের নানা লেখকদের বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে। তাই প্রথম দিন থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে বই মেলা। বইমেলা শুরুর প্রথম দিন থেকেই বিভিন্ন স্টল ঘুরে প্রিয় লেখকদের বই সংগ্রহ করতে দেখা গেছে পাঠক ও বইপ্রেমী দর্শনার্থীদের। তাই পাঠক ও বই প্রেমী দর্শনার্থীদের কথা বিবেচনা করে আয়োজিত এই বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন। বই যোগাযোগ দক্ষতা ও বাচনভঙ্গি উন্নত করে। যারা বই পড়েন তারা খুব সহজেই অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। তারা জানেন কোন পরিস্থিতিতে কী কথা বলতে হয় এবং কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়।

 

ভার্বাল ও নন ভার্বাল কমিউনিকেশনে বইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যারা বই পড়ে না তারা অনেক বিষয়েই সচেতন নয়। বই পড়লে কথা বলার ধরন, বাচনশৈলী, শব্দচয়ন পদ্ধতি ও প্রকাশভঙ্গি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায়। সমাজে চলতে গেলে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বই পড়া যেমন জ্ঞানের পরিধি বিস্তারে সাহায্য করে, তেমনি নিজেকে ভালোভাবে উপস্থাপন করার কৌশল জানতে সহায়তা করে। বই পারে মানুষকে পৃথিবীর সঙ্গে যুক্ত করতে। দেকার্তে বলেছেন, ‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা।’

 

এভাবে বই মানুষের যোগাযোগ ক্ষমতাকে উন্নত করে এবং জ্ঞানী মানুষদের সঙ্গে একটি সংযোগ স্থাপন করে। বই আমাদের জীবনের একনিষ্ঠ বন্ধু। বই পড়ার মাধ্যমে আমাদের বুদ্ধিবৃত্তি ও মননশীলতার বিকাশ হয়। বই কিনে ও বই পড়ে আমরা আমাদের জীবনের গতিপথ বদলাতে পারি এবং উঠতে পারি উন্নতির চরম শিখরে। এজন্য প্রয়োজন আমাদের সন্তানদের পর্যাপ্ত বই কিনে দিয়ে তাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত সভ্যতা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া।

 

সৈয়দ মুজতবা আলীর ভাষায়, ‘বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না।’ ভলতেয়ার বলেছেন, ‘সে দেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না, যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে।’ ওমর খৈয়ামের বিখ্যাত উক্তিটি বইয়ের গুরুত্ব বোঝার জন্য অসাধারণ; তিনি বলেছেন, ‘রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু একখানা বই অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’ সুতরাং, বই হোক প্রত্যেক মানুষের উত্তম বন্ধু এবং বইয়ের সঙ্গে হোক আমাদের মিতালি। আমরা বই কিনব, পড়ব, লিখব এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করব।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন