রাসেল পার্ক নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রীর সহযোগিতা চাইলেন মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৮:৫৬ পিএম
মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপিকে অনুরোধ জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, বড় একটা মাদকাসক্ত বস্তিকে শেখ রাসেল পার্কে রূপান্তরিত করেছি। অনেক সুন্দর একটি জায়গা। রেলমন্ত্রী জায়গাটা লিখে দিচ্ছেন না। আপনার মাধ্যমে তার কাছে আপিল করতে চাই। এই জায়গাটি যেনো আমরা খুব শ্রীঘই বুঝে পাই।
রোববার (২৫ ডিসেম্বর) বিকালে আলী আহম্মেদ চুনকা পাঠাগারে কবিয়াল সাহিত্য উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অনুরোধ জানান। আইভী বলেন, নারায়ণগঞ্জে পৌরসভায় সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে মুক্তিযোদ্ধাদের আমরা ট্যাক্স মওকুফ করেছিলাম। এখনো আমরা সেই মওকুফ অব্যাহত রেখেছি। এমনকি পানির বিলও আমরা মওকুফ করে দিয়েছি। নারায়ণগঞ্জে যতগুলো কবরস্থান রয়েছে সেখানে ১০ শতাংশ করে জায়গা মুক্তিযোদ্ধাদের জন্য বায়না করে রেখেছি। মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুবিধা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়ে যাচ্ছে।
এ শহরের মধ্যে নারায়ণগঞ্জ প্রথম ২০০৩ সালে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য স্থাাপন করেছিলো। যেটা বিগত স্বাধীনতার ৫২ বছরেও ছিলো না। ৫২ বছরের পরেও নারায়ণগঞ্জ পৌরসভা প্রথম শহীদ মিনারও করে দিয়েছিলো। নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য যেমন আছে আবার নারায়ণগঞ্জে অনেক কিছু ছিলো না। কবিয়াল ফাউন্ডেশনের সভাপতি বাপ্পি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিয়াল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাসুদ রানা লাল। উপস্থিাত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
এস.এ/জেসি


