Logo
Logo
×

বিশেষ সংবাদ

লড়াইয়ে শুরু হতাশায় শেষ  

Icon

লতিফ রানা

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ০৬:৩৩ পিএম

লড়াইয়ে শুরু হতাশায় শেষ  
Swapno

 

সময় চলমান। কোন প্রয়োজনেই থেমে থাকে না সময়। প্রাকৃতিক নিয়মেই সময় আসে, সময় যায়। তারই ধারাবাহিকতায় বছর ফুঁরিয়ে যায়, আবার নতুন বছর এসে সামনে দাঁড়ায় আরও নতুন নতুন ঘটনার সাক্ষী হতে। আজকের পর  থেকে স্মৃতির পাতায় হারিয়ে যাবে ইংরেজি ২০২২ সাল। তবে হারিয়ে গেলেও মানুষের হৃদয়ে গেঁথে থাকবে তার স্মৃতি নিয়ে। কারও কাছে আনন্দের আবার কারও স্মৃতির আয়নায় ভেসে আসবে একরাশ বেদনা হয়ে। নানান আলোচিত ঘটনার কারণেই নারায়ণগঞ্জবাসীর কাছে দাগ কেটেছে ২০২২ সাল। যা একদিনে লিখে বা বলে শেষ করা যাবে না।

 

তবে উল্লেখযোগ্য বিষয়গুলোর কয়েকটি আলোচনা করা যেতে পারে। যার মধ্যে বছর শুরু থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু। ছিল জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই বছরেই ঘোষণা করা হয় জেলা ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি। আলোচনায় ছিল জেলা প্রশাসক আয়োজিত ইফতার পার্টিতে মেয়র, এমপি ও জেলা প্রশাসকের এক টেবিলে বসা। নেতিবাচক আলোচনায় ছিল নারায়ণগঞ্জের তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য ও শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি। এছাড়াও জেলা পরিষদের নির্বাচনসহ আরও বেশ কয়েকটি আলোচিত ঘটনাকে সাক্ষী রেখেছে ক্যালেন্ডারে এই ২০২২ বছরটি। বছরের শেষের দিকে মেধাবী বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু সারাদেশের মানুষকে নিমজ্জিত করেছে এক রাশ হতাশায়।

 

বছরের শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বেশ উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গন। গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের পূর্বে বেশ কয়েকটি নাটকীয় ঘটনা এবং অভিযোগ ও পাল্টা অভিযোগের কারণে সরগরম ছিল নারায়ণগঞ্জের শহর ও বন্দর এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নারায়ণগঞ্জসহ দেশ জুড়ে। নির্বাচনের শুরু থেকেই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীমপন্থী বেশ কয়েকজন নেতা মেয়র পদের জন্য দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হওয়ার পর বলাবলি হচ্ছিল শামীম ওসমান দলীয় মেয়র প্রার্থীকে সমর্থন করছেন না।

 

এমনকি তিনি দলীয় মেয়র প্রার্থীকে পরাজিত করানোর জন্য বলির পাঠা খুঁজছেন বলে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং যখন এডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের অংশ নেন। তখন তৈমুরকে আইভীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিতে শামীম ওসমান সাপোর্ট করেছেন বলে দাবি ছিল আওয়ামী লীগের একটি অংশসহ শামীম বিরোধীদের। তবে তৈমুর আলম ও শামীম ওসমান দুইজনই সরাসরি বিষয়টিকে অস্বীকার করেছেন।

 

নির্বাচনের আগে ৮ জানুয়ারি দেওয়া এক বক্তব্যে শামীম ওসমানকে গডফাদার উল্লেখ করে তৈমূরকে প্রার্থী করেছেন বলে উল্লেখ করেন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। শামীম ওসমানও পাল্টা আইভীকে গডমাদার বলেন। এই দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম পরিচালনায় ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দও হতাশা প্রকাশ করলে ১০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে দলীয় প্রার্থীর পক্ষে এতদিন নামা সম্ভব হয়নি কিন্তু এখন থেকে নামলেন বলে ঘোষণা দেন এমপি শামীম ওসমান। এছাড়াও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুইদিন আগেও আমাকে নেতা ও বড় ভাই উল্লেখ করার পর এখন আবার আমি গড ফাদার হয়ে গেলাম কীভাবে!

 

তবে ২০২২ সালের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল লঞ্চ ডুবির ঘটনা। গত ২০ মার্চ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এমভি রূপসী নামক একটি মালবাহী জাহাজের ধাক্কায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পানিতে তলিয়ে যায় এমভি আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চ। এ দুর্ঘটনায় সর্বশেষ প্রায় ১১ জন প্রাণ হারায় বলে জানা যায় যারমধ্যে নারী শিশুও আছে। লঞ্চ ডুবির পর থেকে স্বজনদের আহাজারি ও উপস্থিত জনগণের দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠে সেখানকার আকাশ-বাতাস। কাকতালীয়ভাবে এর আগের বছরের ৪ এপ্রিল প্রায় একই জায়গায় একটি কার্গো জাহাজের ধাক্কায় পানিতে তলিয়ে যায় সাবিত আল হাসান নামের একটি লঞ্চ। সেই লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারায় ৩৪ জন।

 

একই বছরে আলোচনায় উঠে আসে মেয়র, এমপি ও প্রশাসনের একই টেবিলে বসার বিষয়টি। নারায়ণগঞ্জের রাজনীতিতে যা দীর্ঘদিন যাবত আলোচনায় ছিল। এর আগে বিভিন্ন সময় মেয়র, এমপি ও প্রশাসনকে এক টেবিলে বসানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এমনকি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমানও বিভিন্ন সময় দাবি করেন মেয়র, এমপি ও প্রশাসনকে এক টেবিলে বসাতে পারলে নারায়ণগঞ্জের অনেক সমস্যারই সমাধান হয় যাবে। গত ১৮ এপ্রিল জেলা প্রশাসক আয়োজিত একটি ইফতার পার্টিতে জেলা প্রশাসকের উদ্যোগে এক টেবিলে বসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। যদিও তাদের এক টেবিলে বসা কোন সমস্যা সমাধান বা রাজনৈতিক বিষয় নিয়ে নয়, তবুই বিষয়টিকে খুবই ভালো চোখে দেখেছেন নারায়ণগঞ্জবাসী।  

 

চলতি বছরের ভাষার মাসে একটি খুবই আপত্তিকর বিষয় আলোচনায় আসে। আর তাহলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে অবমাননা করার অভিযোগ। এই অভিযোগগুলোও ছিল নারায়ণগঞ্জের তিনটি ইউনিয়নের তিনজন চেয়ারম্যানের বিরুদ্ধে। ফেব্রুয়ারির প্রথমভাগে প্রায় কাছাকাছি সময়ের মধ্যেই পৃথক তিনটি অনুষ্ঠানে তারা এধরণের গর্হিত কাজগুলো করেছেন বলে অভিযোগ আসে। যা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়। অভিযুক্তরা হলেন, সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল), বন্দর কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান ও সদরের আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন।

 

এদের মধ্যে দেলোয়ার প্রধান জাতীয় পার্টির সমর্থক হলেও বাকি দু’জন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতিবিদদের বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুবই বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেন। ঔদ্ধত্যপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে মানহানি মামলা করার চিন্তাভাবনাসহ গত ২৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

এই বছরকে আবার অনেকে রাজনৈতিক দলগুলোর সম্মেলনের বছরও বলতে পারেন। গত ১৭ জুন খুব ঘটা করে অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন। দীর্ঘ প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত এই সম্মেলনে জাতীয়পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও নারাণগঞ্জের প্রভাবশালী এমপি সেলিম ওসমান উপস্থিত ছিলেন। কিন্তু সেই সম্মেলনে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অন্যতম নেতা (প্রয়াত) একেএম নাসিম ওসমানের পরিবারের কাউকে জানানো হয়নি বা দাওয়াত দেওয়া হয়নি বলে সম্মেলনকে ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। এই সম্মেলনও দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত হওয়ায় সম্মেলনকে ঘিরে বেশ সরগরম ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি।

 

বিশেষ করে নতুন কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দিকে চোখ ছিল সবার। পদগুলোর জন্য প্রকাশ্য কোন তৎপরতা দেখা না গেলেও একাধিক গোপন লবিং ছিল বলে বিভিন্ন মিডিয়ায় খবর আসে। তবে শেষ পর্যন্ত পুরোনোদের উপরই আস্থা রাখে কেন্দ্র। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও অনেকেই ভেবে ছিলেন হয়তো আগের সভাপতি আনোয়ার হোসেনই পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দন শীল।

 

২০০১ সালে চাষাঢ়া বোমা হামলায় যিনি তার দুই পা হারান। তবে চন্দনশীলের এই প্রাপ্তির বিষয়টিকে খুবই ভালোভাবে নিয়েছেন আওয়ামী লীগের একটি অংশ এবং এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সচেতন মহল। তবে বছর জুড়ে বিশেষ করে বছরের প্রায় মাঝামাঝি সময়ের পর থেকে নারায়ণগঞ্জের রাজনৈতিক আলোচনায় উঠে আসে বিএনপির রাজনীতি। দীর্ঘ সময় আড়ালে আবডালে থেকে এই ২০২২ সালে বিএনপি অনেকটাই  রাজনৈতিক অঙ্গনে সরগরম উঠে। কাঁটান ব্যস্ত সময়। এরই মধ্যে মহানগর আহবায়ক কমিটি গঠন ও তার পক্ষ বিপক্ষ নিয়ে ব্যস্ত হয়ে উঠে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি। এরপর জেলা বিএনপির পুরোনো আহবায়ক কমিটি ভেঙ্গে নতুন করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

বিদায়ী বছরের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ বিএনপির কর্মসূচীকে ঘিরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের বিষয়টিও এ বছরের নারায়ণগঞ্জের রাজনীতির একটি করুন ও কলঙ্কজনক ঘটনা ছিল বলে মনে এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা। সেদিন পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশের গুলি বিদ্ধ হয়ে মারা যায় শাওন নামের এক যুবক। সে বিএনপির কর্মী বলে জানা গেছে। গত ১৬ জুন পরিবহন মালিকদের সাথে আলোচনা করেন জেলা প্রশাসক। সেখানে নারায়ণগঞ্জ শহরের রাস্তাগুলোতে ফিট্নেস বিহীন যানবাহন চলাচলের বিষয়ে আলোচনা হলে এসব গাড়ির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। যে ঘোষণাতে আশ^স্ত হয়ে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলা শুরু করে দিয়েছিলেন।

 

নারায়ণগঞ্জবাসীসহ সচেতন মহল এই সিদ্ধান্তে সাধুবাদ জানাতে শুরু করেন। সে সময় জেলা প্রশাসক বলেন, আমি পরবর্তী রোববার থেকে আপনাদের নিয়ে রাস্তায় নামবো। যে সব গাড়ি আনফিট, রোজিস্ট্রেশন নাই, রুট পারমিট নাই সেগুলো রাস্তায় চলবে না। আমি ফতুল্লা স্টেডিয়াম রেডি রেখেছি, যেখানে পানি আছে সে গাড়িগুলো আমি সেই পানির মধ্যে রাখব। আমি হিসেব করে রেখেছি সেখানে প্রায় ৪শত গাড়ি রাখা যাবে। নিয়ত করে রেখেছি আমি সেগুলো সেখানে রাখব। ইঞ্জিনের মাথা ঠান্ডা হলে মালিকের মাথাও ঠান্ডা হবে। সেখানে পাহারারও ব্যবস্থা করব না। তবে বিষয়টিকে আর গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী। এমনকি বিষয়টি নিয়ে কোন ভূমিকা না রাখায় একাধিকবার বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়।

 

বছরের শেষ পর্যায়ে এসে উদ্বোধন করা হয় তৃতীয় শীতলক্ষ্যা সেতু। যেই সেতুটি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের (প্রয়াত) নামে নামকরণ করা হয়। সরকারের এমন সিদ্ধান্তে খুশি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। তবে নাসিম ওসমানের নামে নামকরণ হওয়া সেতু উদ্বোধন হলেও দাওয়াত দেওয়া হয়নি তার পরিবারের কোন সদস্যকে। এমনকি তাদের প্রশাসনের পক্ষ হতে তাদের জানানোও হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন নাসিমভক্তগণ। বিষয়টিকে ভালো চোখে দেখেননি নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের বিরাট একটি অংশ।

 

নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান ও তার ছেলে আজমেরী ওসমান বিষয়টি নিয়ে খুবই হতাশ হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছেন বলে তাদের পরিবারের পক্ষ হতে জানানো হয়। তবে উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর পরিবারের প্রতি নাসিম ওসমান ও তার পূর্ব পুরুষদের যে অবদান তা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। যা নারায়ণগঞ্জকেও গর্বিত করেছে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধামহল।

 

উপরোক্ত ঘটনা ছাড়াও ২০২২ সালের আরও বেশ কিছু ঘটনা আছে যা, রাজনীতি, নারায়ণগঞ্জের জনগণ এবং দেশের মানুষের কাছে দীর্ঘদিন স্মরনীয় হয়ে থাকবে। কোন কোন ঘটনা নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের কষ্টের কারণ হলেও অনেক ঘটনা আবার সমৃদ্ধ করেছে বিভিন্ন ক্ষেত্রকে। তবে কষ্ট কিংবা আনন্দ যে কারণই থাকুক না কেন ২০২২ সালে যা ঘটে গেছে তা আর ফেরানো যাবে না। কিন্তু ঘটে যাওয়া বিষয়গুলোকে চুলচেরা বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নিয়ে সংশোধন হয়ে আগামী নতুন বছর আমাদের মাঝে আসবে বলে বিশ্বাস করতে চায় নারায়ণগঞ্জবাসী। একই সাথে নতুন বছর সবার জন্য নতুন দিগন্তের উম্মোচন হবে এই আশা বুকে রেখে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন