দশ দফা আমরা আদায় করে ছাড়বো: সাখাওয়াত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের মিশন পাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান বলেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের আশা ও আকাক্সক্ষার প্রতীক ছিলেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে মেজর হিসেবে দায়িত্ব পালনের সময় ১৯৭১ সালে, পাকিস্তানিরা যখন বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, আজ যারা এদেশের নেতৃত্বে তারা সেদিন আত্মগোপনে ছিল।
পশ্চিমাদের কাছে তারা আত্মসমর্পণ করেছিল। সে সময় সেনাবাহিনীর অনেক বড় বড় অফিসার ছিল, তারা কোন বক্তব্য দেয়নি। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেদিন তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকেননি তিনি যুদ্ধ করেছিলেন। তিনি চাইলে ক্ষমতা নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি।
তিনি ব্যরাকে ফিরে গিয়েছিলেন। আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিল। বাকশাল গঠন করা হয়েছিল। সেদিন মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের আমলে মানুষ লজ্জা নিবারনের জন্য জাল গায়ে জড়িয়েছে। তারা আজ আবার এ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করছে।
এ সরকারের মধ্যে গণতান্ত্রিক কোন বৈশিষ্ট্য নেই। তিনি আরও বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। আমরা এ নির্বাচন কমিশন বিলুপ্ত চেয়েছি। বগুড়াতে হিরে আলমকেও আওয়ামী লীগ সহ্য করাতে পারে না। হিরো আলমরাও নির্বাচনে আওয়ামী লীগের কাঁপন ধরিয়েছে। কারন তারা জানে মানুষ তাদের ভোট দিবে না। তাই তারা হিরো আলমকেও ভয় পায়।
এই সরকার গ্যাসের দাম আবারও বাড়িয়ে দিয়েছে। আগামীতে যে পন্য উৎপাদন হবে সেখানে দাম হুহু করে বাড়বে। আমাদের দলের চেয়ারম্যান যে দশ দফা দিয়েছে সেই দশ দফা আমরা আদায় করে ছাড়বো। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, এম.এইচ মামুন।
সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, মাহমুদুর রহমান, বরকত উল্লাহ, হাবিবুর রহমান দুলাল, রাশিদা জামাল, শাহিন আহমেদ, মাকিত মোস্তাকিম শিপলু, ফারুক হোসেন, যুবদলের মমতাজ উদ্দিন মন্তু, সজল, সাগর প্রধান, মাজহারুল ইসলাম জোসেফ সহ প্রমুখ।
পরে আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়। এন.এইচ/জেসি


