হকার ইস্যুতে দায়ের করা মামলায় পিবিআই তদন্তের বিরুদ্ধে মেয়র
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পিএম
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের অস্ত্র আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়ায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রোববার (২৯ জানুয়ারি) সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে এ আবেদন জানান। আদালত নারাজি শুনে আগামী ১ মার্চ পরবর্তী শুনানিন দিন ধার্য করেন। সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার বলেন, ‘মামলাটির নির্ধারিত তারিখ ছিল।
আমরা আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজির আবেদন জানাই। কী কারণে আমরা নারাজি জানিয়েছে সেই বক্তব্যও আদালতে পেশ করেছি। আদালত তখন আমাদের বক্তব্য শোনেন। এই মামলার পরবর্তী তারিখ আগামী ১ মার্চ নির্ধারণ করেছেন আদালত।’
আদালতে আসামিপক্ষে দাঁড়ান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ কয়েকজন আইনজীবী। আদালত সূত্রে জানা যায়, গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আতাউর রহমান।
পাঁচ বছর পর এই মামলার তদন্ত শেষে অভিযোগপত্রে আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে হুমকি, হত্যাচেষ্টা, জখম, ভাঙচুর ও নাশকতার প্রমাণ পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। তবে অভিযোগ পত্রে অস্ত্র আইনের ধারা থেকে আসামীদের অব্যাহতি দেওয়ার আবেদন করেন তিনি।
গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এ অভিযোগপত্রে ‘অসন্তুষ্ট’ সেলিনা হায়াৎ আইভী এর বিরুদ্ধে নারাজি দিবেন বলে জানান তিনি। উলেখ্য, নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে হকার রাখা ও উচ্ছেদ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র আইভীর সঙ্গে চলমান দ্বন্দ্বের জের ধরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি বিকেলে ফুটপাত দিয়ে হেঁটে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যাওয়ার সময় হকার ও শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে মেয়র আইভীর সমর্থকদের সংঘর্ষ হয়।
প্রতিপক্ষের লোকজন মেয়র আইভীকে পিটিয়ে ও বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে হত্যার চেষ্টা করে এতে আহত হন মেয়র আইভী। সমর্থকরা আঘাত সহ্য করে তাঁকে প্রাণে রক্ষা করেন। পরে মেয়র আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সংসদ সদস্য শামীম ওসমান ওই ঘটনার জন্য দায়ী। তাঁর কর্মী নিয়াজুল দুই গজ দূরে দাঁড়িয়ে থেকে পিস্তল উঁচিয়ে তাঁকে হত্যা করতে চেয়েছিলেন। এন.এইচ/জেসি


