এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব ধরে রেখেছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ (জিআইএমসি)। বরাবরের মত এই কলেজটি এবারও শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়।
ঘোষিত ফলাফলে নারায়ণগঞ্জ জেলার মধ্যে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। দেখা যায়, এই কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৯২ জন মোট পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেন। এদের মধ্যে ২১৪জন পেয়েছেন জিপিএ ফাইভ।
জেলার মধ্যে এই কলেজটিতে জিপিএ ফাইভ প্রাপ্তির হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ। অন্যান্য কলেজগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে পরিক্ষার্থী ছিলেন ২ হাজার ৫শ ৫৭ জন। পাশ করেছে ২ হাজার ৪শ ২৬ জন। এদের মধ্যে ৪৫৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ।
পাসের হার ৯৪ দশমিক ৮৮ শতাংশ। সরকারী তোলারাম কলেজে পরিক্ষার্থী ছিলেন ২ হাজার ৪শ ৮৯ জন। পাশ করেছে ২ হাজার ৩শ ৬০ জন। এদের মধ্যে ২৫৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ। পাসের হার ৯৪ দশমিক ৮২ শতাংশ। নারায়ণগঞ্জ কলেজে পরিক্ষার্থী ছিলেন ১ হাজার ৫শ ১৬ জন। পাশ করেছে ১ হাজার ৩শ ৬৭ জন।
এদের মধ্যে ৬৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ। পাসের হার ৯০ দশমিক ১৭ শতাংশ। এছাড়াও গোপালদী নজরুল ইসলাম কলেজের পাসের হার ৯৯ দশমিক ৬৩ শতাংশ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৫৩৮ জন। পাশ করেছেন ৫৩৬ জন। এদের মধ্যে ১৬৯ জন পেয়েছেন জিপিএ ফাইভ। মেঘনা শিল্পনগরী কলেজে পরিক্ষার্থী ছিলেন ১১৩ জন। পাশ করেছে ১০৩ জন। এদের মধ্যে ৮ জন পেয়েছেন জিপিএ ফাইভ। পাসের হার ৯১ দশমিক ১৫ শতাংশ।
ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে এবং অভিভাবকদের অনুপ্রেরণায় এ ফলাফল অর্জিত হয়েছে। যেসব শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারেনি তাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। বোঝাতে হবে। আগামীতে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করতে হবে। এন. হুসেইন/ জেসি


