‘কাউকে সিংহ-হাতি মনে করেনা ত্বকী মঞ্চের নেতারা’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৪ পিএম
# তার কথা আমরা পাত্তা দেইনা : রফিউর রাব্বি
# ত্বকী হত্যার বিচার নিয়ে তিনি সন্তোষজনক কথা বলে না : এড. মাসুম
# দাম্ভিকতার কথা আগেও শুনেছি : হাফিজুল ইসলাম
# তার বক্তব্যের গুরুত্ব নেই : ভবানী শঙ্কর
২০১৩ সালে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যকাণ্ডের পর সারাদেশে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠে। সেই দাবি এতোটাই বড় হয় পরবর্তীতে দেশের গণ্ডি ছাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এই হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলা হয়। ত্বকী হত্যার বিচারের দাবিতে দেশের বরণ্য বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত হয় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সময় অনেক গড়ালেও ত্বকী হত্যাকাণ্ডের বিচার এখন সম্পন্ন না হওয়ায় এই হত্যকাণ্ডের বিচারের দাবিতে এখনো আগের মতো সরব সন্ত্রাস-নির্মূল ত্বকী মঞ্চ। গতবছর ত্বকী হত্যাকাণ্ডের বিচার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে চেয়েছেন আওয়ামীলীগের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। তবে চলতিমাসে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চে বক্তারা উত্তপ্ত বক্তব্য রাখেন।
এদিকে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জের-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ইতোমধ্যে ১৮ ফেব্রুয়ারি গাবতলী ওসমানী স্টেডিয়ামে ছাত্রলীগের সমাবেশের ডাক দিয়েছেন। আর এজন্য বুধবার বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে প্রস্তুতি সভা করেন। এই সমাবেশ নিয়ে ইতোমধ্যে শহরময় গরম হচ্ছে।
তবে এই সভায় তিনি নাম মেনশন না করে শহরের কিছু ব্যক্তি উদ্দেশ্য করে গরম বক্তব্য রাখেন। তবে তিনি নানা সময় বিভিন্ন সভাতে গরম বক্তব্য দিয়ে তার অনুসারি নেতা কর্মীদের উজ্জীবিত করেন বলে মনে করেন খোদ তার নিজ দলীয় নেতারা। প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ত্বকী মঞ্চের নেতৃবৃন্দের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘অনেকে নিজেকে নেতা ভাবেন, ডাক দিলে পিছনে ১০ জনও আসে না।
এখন দেখি নারায়ণগঞ্জে কয়েকটা পিপিলিকার পাখনা গজাইছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে কিছু কিছু লোক আছে আদর-বাদর টাইপ গালাগালি করে বক্তব্য দেয়। নিজেরা বক্তব্য দেয়, নিজেরাই শুনে। আমরা তোমাদের মতো পাগল-ছাগল নিয়ে চিন্তাই করি না। আমাদের ছাত্রলীগ যুবলীগও তোমাদের নিয়ে চিন্তা করে না। তোমাদের জন্য আমাদের মহিলা লীগ, যুব মহিলা লীগই যথেষ্ঠ।’
এদিকে শামীম ওসমানের এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন ত্বকী মঞ্চের নেতৃবৃন্দও। সাংসদের এমন বক্তব্য নিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক এড. মাহবুবুর রহমান মাসুম যুগের চিন্তাকে বলেন, ‘আমরা ত্বকী হত্যার বিচার চাই। আর এজন্য আমরা প্রতিনিয়ত কর্মসূচি পালন করে আসছি। যে কোন সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে বিপক্ষে আমাদের অবস্থান।
ত্বকী হত্যার বিচার নিয়ে তিনি সন্তোষজনক কথা বলে না। এমনকি ত্বকী হত্যার বিচার চাই, তাও বলে না। আমরা সুন্দর নারায়ণগঞ্জ চাই। সেই সাথে শিশু হত্যার বিচার চাই। সে জায়গায় জায়গায় যখন আমাদের নিয়ে কথা বলে তাতে বুঝা যায় সে যে অপরাধী। আমরা ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত বিচারের দাবী জানিয়ে যাবো।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক ও নিহত মেধাবী ছাত্র ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি যুগের চিন্তাকে বলেন, ‘তিনি কী বললেন, না বললেন সেগুলো আমরা পাত্তা দেই না। সে কত কিছুইতো বলে!
সিপিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম যুগের চিন্তাকে তার প্রতিক্রিয়ায় জানান, ‘পিপীলকা বলতে কি বুঝায় এগুলোত আমি জানি না। তবে তাদের দাম্ভিকতার কথা আমরা অতীতেও শুনেছি। প্রয়াত সাংসদ নাসিম ওসমান একবার বলেছিলেন পায়ের নিচে পিশিয়ে মেরে ফেলবে। তার সেই কথাও আমরা শুনেছি।
দাম্ভিকতা বা মানুষকে খাটো করে দেখা ভালো রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ না। একজন রাজনৈতিক ব্যক্তি যদি কাউকে হেয় করে মন্তব্য করে তাহলে সে নিজেই ছোট হয়। তিনি কাকে কোন উদ্দেশ্যে পিপীলিকা বলেছেন সেটা আমাদের জানার বিষয় না। আমরা কাউকে সিংহ বা হাতি এমনকি পিপীলিকা মনে করি না।
আমরা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে মর্যাদা দেই। সেই সাথে যে কোন সংগঠনের মানুষকে যার যেই মর্যাদা দেয়া উচিৎ সেই মর্যাদায় আমরা বিশ্বাসী’।
সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানি শংকর রায় যুগের চিন্তাকে বলেন, ‘আমার কাছে তার এই বক্তব্য নিয়ে কোন গুরুত্ব নেই’। এন.হুসেইন/জেসি


