ভয়ঙ্কর নারায়ণগঞ্জ এখন পজেটিভ হয়ে গেছে: মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৯ পিএম
‘ভয়ঙ্কর নারায়ণগঞ্জ এখন পজেটিভ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ এখন পজেটিভ নারায়ণগঞ্জ হয়ে গেছে। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ এখন পজেটিভ নারায়ণগঞ্জ হয়ে গেছে। এখনও মানুষ নারায়ণগঞ্জকে ভয়ঙ্কর জায়গা হিসেবে চিন্তা করে।
কিন্তু নারায়ণগঞ্জে অনেক পজেটিভ ব্যাপার আছে।’ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ( বেসিস) এর আয়োজনে বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফট এক্সপো-২০২৩ এর বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
উন্মুক্ত আলোচনায় প্রশ্নোত্তর পর্বে নাসিক মেয়র বলেন, ‘আমাদের প্রত্যেকের ভিতরে আমরা লুকায়িত থাকি। আমাদের (নারীদের) আটকে রাখা হয়, আমাদেরকে সঠিক পথ দেওয়া হয় না। ছোটবেলা থেকে আমাদের পরিবার থেকে বাধা হয়ে দাঁড়ায়। এই কারণে আমরা যারা নারী তারা নিজেদেরকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে পারি না।
প্রতিটি নারী, প্রতিটা মা প্রচন্ড শক্তিশালী, সাহসী ও আত্মবিশ্বাসী। কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয় না বলে পুরুষশাসিত সমাজে আমরা পিছিয়ে যাই। তিনি আরও বলেন, ‘আমার মা আমাকে সবচেয়ে বেশি সাহস দেখিয়েছেন। তিনি খুব বেশি লেখাপড়া না জানলেও আমাকে সাহস নিয়ে সকল বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।
কাজ যদি ন্যায়পরায়ন ও সঠিক হয় তাহলে সঠিক লক্ষ্য ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার কথা উনি আমাকে বলতেন। আর আমার ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নাই।’ বঙ্গবন্ধু কন্যা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনকে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে এই পর্যায়ে আসতে হয়েছে বলেও মম্তব্য করেন জনপ্রিয় এ মেয়র। তিনি বলেন, ‘অনেক বাধা আমিও পেয়েছি কেবলমাত্র নারী হিসেবে।
সেসব উপেক্ষা করে আমি কাজ করে যাচ্ছি। আমাদের দেশ অনেক কিছুতে এগিয়ে গেছে। শিক্ষা, প্রযুক্তিতে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। ‘বড় আকারে না হলেও অনেক নারীদের নিয়ে আমি কাজ করি। নারী ক্ষমতায়নে অনেক ধরনের প্রজেক্ট আমি করছি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। নারীদের ঘর থেকে বের করে সাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছি। নারীরা চাইলেই পারে।
যে মা নয় মাস বাচ্চাকে গর্ভে ধারণ করে জন্ম দিতে পারে সেই মা পারবে না এমন কোন কাজ নেই। নারী সব পারে, নারী বিশ্বজয় করতে পারে।’, যোগ করেন আইভী। তিনি আরও বলেন, ‘আমাদের লিডার শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের পর তিনি এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাচ্ছেন।
শুধুমাত্র প্রযুক্তিতে নয় সবধরনের খাতে আমাদের সঠিক সেবা দিতে পারতে হবে। তাহলেই হবে স্মার্ট বাংলাদেশ।’ সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাদের ভালো মানুষ হতে হবে, সৎ হতে হবে। আমি একা ভালো থাকলে হবে না, আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকবো। ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর অন্তর্ভুক্তি ও ভূমিকা শীর্ষক অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) উপাচার্য ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক নির্বাচিত প্রথম নারী সভাপতি রুবানা হক।
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির, গেস্ট স্পিকার ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের সিইও জারা জাবীন মাহবুব, বেসিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরী হিমিকা।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিডাব্লিউআইটির সভাপতি ও ব্যবসায়ী উদ্যোক্তা রেজওয়ানা খান, কিনোট স্পিকার হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. লাফিফা জামাল। সেমিনারটি সঞ্চালনা করবেন ডন সামদানি ফ্যাসিলিটেশন এবং কন্সাল্টেন্সি প্রতিষ্ঠানের চিফ ইন্সপিরেশন অফিসার ডন সামদানি। এন. হুসেইন/ জেসি


