আপনি মিথ্যা ইতিহাস বানান : এড. মাসুম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০২:১০ পিএম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকারকর্মী মাহবুবুর রহমান মাসুম বলেছেন, ‘ত্বকী হত্যার বিচার থেকে আপনি (শামীম ওসমান) রেহাই পাবেন না। আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে শাস্তি পেতে হবে।
আপনার পরিবারের যেসব সদস্য ত্বকীকে হত্যা করেছে তাদের বিচার হতেই হবে।’ সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর পূর্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিশু সমাবেশে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা কোনদিন হতাশ হই না।
তবে যতক্ষণ পর্যন্ত দানবশক্তিকে নারায়ণগঞ্জ থেকে হঠানো যাবে না ততক্ষণ পর্যন্ত এই বিচারের প্রত্যাশা আমরা করতে পারি না। আমরা দশটি বছর লড়াই করছি। প্রত্যাশা তো আমরা করি, হতাশ হই না। কিন্তু এই দানবশক্তি নতুন নতুন ইতিহাস বানায়, নতুন নতুন হুমকি দেয়।’ মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘আমরা ত্বকী হত্যার বিচার চাই আর উনি আমাদেরকে আম-বাম বলে তাচ্ছিল্য করে।
এতে আমাদের আপত্তি নাই। আপনি মিথ্যা ইতিহাস বানান। আপনি বলেন, আপনার ফরম ফিল করার টাকা ছিল না, আপনার বাড়ি আদমজী-চিত্তরঞ্জনের শ্রমিকেরা ছাড়িয়েছিল। মিথ্যা কথা এইসব। আপনার বাড়ি ছাড়িয়েছিল তখনকার আওয়ামী লীগ নেতা, পৌরপিতা আলী আহাম্মদ চুনকা, শফি হোসেন খানসহ আরও অনেকে।
তারাই ছিল উদ্যোক্তা, তারাই ৩৫ হাজার টাকা জোগারের ব্যবস্থা করেন। আপনি এই কথা স্বীকার করতে চান না।’ শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যার বিচারের দাবিতে রফিউর রাব্বি, রোকন ভাই, আনোয়ার ভাই, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগের নেতারা মিছিল করেছে।
আর আপনি বলেন, আপনার পিঠে নাকি সাইকেল ভেঙেছে। ইতিহাস নতুন নতুন করে বানান। ইতিহাসকে বিকৃত করে ব্যক্তি চরিত্র হরণ করছেন। যে আলী আহাম্মদ চুনকা আপনার বাবার বাড়ি রক্ষা করেছে, ইতিহাস বিকৃত করে তাকে স্বাধীনতাবিরোধী বানানোর চেষ্টা করছেন। স্বাধীনতা সংগ্রামে আপনি বাচ্চা ছিলেন। আপনি কিছুই দেখেন নাই। আপনার দুই ভাই স্বৈরাচার এরশাদের দলের এমপি, আর আপনি আঙুল তোলেন মেয়রের দিকে।’
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে এই সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সদস্যসচিব হালিম আজাদ, খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল। এন.হুসেইন/জেসি


