পরিবেশ দূষণের দায়ে তিন প্রতিষ্ঠানের জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৮:৫৩ পিএম
পরিবেশ দূষণ করায় রূপগঞ্জের ৩ কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এ সকল প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ও কারখানার সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
কারখানা গুলো হলো রূপগঞ্জের তারাব বিশ্ব রোডের জিউজু ইন্ডা: লি, ভূলতার হাইটেক স্টীল এন্ড রি রোলিং মিলস লি. ও রূপগঞ্জ উপজেলার ৭নং সংলগ্ন পূর্বাচল আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত পুরাতন ব্যাটারী থেকে সীসা গলানোর কারখানা। এদের মধ্যে জিউজু ইন্ডা.কে ৪ লাখ, হাইটেক স্টীল এন্ড রি রোলিং মিলসকে ২ লাখ ও সীসা গলানোর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে জিউজু ইন্ডা: লি: নামক কারখানাটির তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ও ফিউম এক্সট্রাকশন সিস্টেম বন্ধ থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৯ ধারা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৪) ধারা অনুযায়ী ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া হাইটেক স্টীল এন্ড রি রোলিং মিলস লিঃ নামক কারখানাটির দূষণ নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা না থাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৪) ধারা অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
কারখানাটিতে ফিউম এক্সট্রাকশন সিস্টেম স্থাপন না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রূপগঞ্জ উপজেলার ৭নং সংলগ্ন পূর্বাচল আবাসিক এলাকায় অবস্থিত পুরাতন ব্যাটারী থেকে সীসা গলানোর ফলে সৃষ্ট এসিড বর্জ্য কারখানা সংলগ্ন লেকে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং আগামী ৩ দিনের মধ্যে কারখানার সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
এস.এ/জেসি


