বন্দর স্বাস্থ্য কর্মীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৯:১০ পিএম
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেবুবা সাঈদ সোমার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ গুলে খতিয়ে দেখে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলাপ আলোচনা করে তাদের অভিযোগগুলে শুনে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাজে যোগদানের আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছলিমা হোসেন শান্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। সিভিল সার্জন মশিউর রহমান বলেন, আমি গতকাল যখন তারা আন্দোলন করছিল তখন আমি রাষ্ট্রীয় কিছু কাজে ব্যস্ত থাকায় বিষয়টিতে তাৎক্ষণিকভাবে ভূমিকা রাখতে পারিনি। তবে তখনই আমি সিদ্ধান্ত নেই যে আজকে আমি এখানে আসবো।
আজ সকালেই আমি তাই আমাদের অফিসের বেশ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এখানে এসেছি। আমি আজকে এখানে এসেও তাদের আন্দোলন করতে দেখতে পেয়ে তাদের আন্দোলন প্রত্যাহারসহ তাদের সমস্যাগুলো শোনার জন্য তাদের নিয়ে এখানে বসি। এমনকি এই বিষয়টি নিয়ে গতকাল আমি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সাহেবের সাথেও কথা বলেছি। এখানে এসে যে সমস্যাগুলো বুঝতে পেরেছি তার একটি সুষ্পষ্ট সমাধান আমি করবো বলে আশা রাখি।
এখানে বেশ কিছু ছোটখাট সমস্যা ছিল যা আমি তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেছি। তিনি আরও বলেন আমি এখানে আসার পূর্বে এখানকার সমস্যাগুলো খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছি। তারপরও আমি এখানকার দায়িত্বপ্রাপ্তদের সাথে নিয়ে এখানে উপস্থিত থেকে তাদের কথা শুনেছি। এখানকার বাকি যে পরিস্থিতি আছে আমরা আশা করি তা খুব দ্রততম সময়ের মধ্যেই সমাধান করতে পারবো। এখন থেকে এখানে বিশেষ নজরদারি করবো।
এর আগের দিন বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেবুবা সাঈদ সোমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণের দাবিতে গণআন্দোলন কর্মসূচি পালন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ। এ সময় ডা. মেহেবুবা সাঈদ সোমার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপ্যবহার, দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে নানা শ্লোগান দেন।
পরে বিক্ষুব্দরা মদনগঞ্জ-টু মদনপুর সড়কে অবস্থান করলে ওই রুটে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচীর নেতৃত্ব দেন স্বাস্থ্য কর্মকর্তা রোকেয়া আক্তার, নার্স সুপারভাইজার মার্থার ডি কস্তা, ফৌজিয়া আক্তার ও ইমার্জেন্সী ইনচার্জ নাহিদ রহমান। আন্দোলনে হাসপাতালের কর্মচারীরা তাদের ১৪ দফা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এন.হুসেইন/জেসি


