২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুই কোটি টাকা আত্মসাত করে উধাও
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৬:০০ পিএম
# চলতি মাসের ৫ তারিখ তাকে এই ওয়ার্ডের সভাপতি করা হয়
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বন্দরের মাসুদ রানার বিরুদ্ধে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে গড়ে তোলা গরুর সমিতির প্রায় দুই কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে এই বিষয়ে সেই শীতলক্ষ্যা শ্রমজীবি সমবায় সমিতির কার্যালয়ের সামনে হাজার হাজার গ্রাহকের ভিড় দেখা যায়। সে সময় বন্দর থানার পুলিশসহ স্থানীয় মিডিয়ার লোকদের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয় গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, এখানে বেশ কয়েক বছর যাবতই এই গরুর সমিতিটি চালু আছে। প্রত্যেক গ্রাহককে প্রতি সপ্তাহে ৭০ টাকা করে জমা দিতে হয়। সে হিসেবে জন প্রতি প্রত্যেক গ্রাহকের ৩ হাজার ৬ শত ৪০ টাকা করে জমা হয়। প্রতি ঈদ উল ফিতরের আগে তাদের প্রত্যেককে ৫ কেজি গরুর মাংস, ১টি মুরগী, ২ কেজি পোলাওর চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সেমাই ও ৫০০ গ্রাম তরল দুধ দেওয়ার কথা। তবে কোন গ্রাহক যদি এর মাঝখান দিয়ে সমিতি ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে ৩০০ টাকা জরিমানা দিয়ে চলে যেতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, এখানে ৫ হাজারেরও বেশি গ্রাহক আছে। যদি রাউন্ড ফিগার ৫ হাজার সদস্যও থাকে তাহলে প্রায় ১ কোটি ৮২ লাখ টাকা জমা পড়েছে বলে অনুমান করা হয়। তবে গ্রাহকদের হিসেবে সদস্য সংখ্যা ৫ হাজারেরও বেশি। এই বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক বলেন এমন একটি ঘটনার কথা শুনেছি। আমাদের পুলিশের লোক সেখানে আছে। তাদের সাথে কথা বলে বিষয়টি বুঝতে পারবো। তবে এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
উল্লেখ্য গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে মাসুদ রানাকে সভাপতি হিসেবে ঘোষণা দেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এই শীতলক্ষ্যা শ্রমজীবি সমবায় সমিতিতে মাসুদ রানার সাথে পার্টনার হিসেবে ছিলেন মো. জাকির, মো. কবির, খোকন ও রিজভী। বিষয়টি জানার জন্য তাদের কারও মোবাইলই চালু পাওয়া যায়নি।
এস.এ/জেসি


