বন্দরে ট্রাক সিএনজির সংঘর্ষে নিহত দুই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৭:২৬ পিএম
বন্দরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (৪২) ও মুকুল (৪০) নামের দুইজন যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে দুইজন। এর মধ্যে রোববার সকাল সাতটার দিকে মদনগঞ্জ-মদনপুর সড়কের মদনপুর বাস স্ট্যান্ডের আগে ফুলহর এলাকার হাজী রিয়াজ উদ্দিন মিফতাহুল জান্নাহ কওমি মাদ্রাসার সামনে এ ঘটনাটি ঘটে।
এ সময় ট্রাকের সাথে সংঘর্ষ হওয়া সিএনজিসহ দুমড়ে-মুচড়ে যায় তার পিছনে থাকা একটি অটো ইজিবাইক ও আরও একটি সিএনজি। নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক (একটি ছেলে একটি মেয়ে)। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে জহিরুল দ্বিতীয়।
সে গার্মেন্টসের জুটের ব্যবসায়ী বলে জানা গেছে। অন্যদিকে নিহত মুকুলের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কচুয়া এলাকায়। সে মদনপুর ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। এর মধ্যে ধামগড় কুড়িপাড়া এলাকার আব্দুর রব মিয়ার ছেলে দুলাল (৪৫) এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করিয়া মদনপুর আল বারাকা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্র ও জহিরের পরিবারের সাথে কথা বলে জানা যায়, জানা গতকাল সকালে ব্যবসার মালামাল আনার জন্য গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে মদনপুরের উদ্দেশ্যে সিএনজিতে লোকাল যাত্রী হিসেবে উঠলে সিএনজিটি ফুলহর এলাকায় পৌছালে মদনপুর থেকে একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো অ-১১-১১৮২) এসে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই মারা যায় জহিরুল ও মুকুল। অন্যদিকে সিএনজি চালক চলন্ত সিএনজি থেকে পাশের জলাশয় লাফ দিয়ে প্রাণে বাঁচে বলে জানান তারা। খবর পেয়ে ধামগড় ফাড়ির ইনচার্জ উপস্থিতিকে ফাঁড়ির এসআই নজরুল ইসলাম মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এই ঘটনায় জহিরুলের পিতা শোকার্ত তারা মিয়া জানান, তিনি অসুস্থ, তার স্ত্রীও (জহিরুলের মা) অসুস্থ। সংসারের উপার্জন নির্ভর করতো জহিরের উপর। তাই তার মৃত্যুতে এই পরিবারটি খুবই অসহায় হয়ে পড়েছে বলে জানান তিনি।
এই বিষয়ে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, লক্ষণখোলা বাস স্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি মদনপুর যাচ্ছিল। এ সময় মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় পৌছালে মদনপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুই যাত্রী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এন.হুসেইন/জেসি


