প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মৃধা আর নেই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৯:১১ পিএম
মঙ্গলবার, ২৫ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মৃধা মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তাঁর মেয়ে লামিসা মৃধা জানান, বাবা গত ৬ মাস যাবত অসুস্থ ছিলেন। দু’দিন যাবৎ লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক জানান, বাবা আর নেই। পরিবারের সদস্যরা এই প্রবীণ রাজনীতিবিদের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
এই প্রবীণ রাজনীতিবিদ এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টায় ডিআইটি জামে মসজিদে মরহুমের জানাজার প্রথম নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কামাল মৃধার অছিয়ত অনুযায়ী গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবারস্থানে অন্যান্য স্বজনদের পাশে তাকে শায়িত করা হবে।
কামাল উদ্দিন মৃধা ৭ জানুয়ারী ১৯৬১ সালে মুন্সিগঞ্জের মৃধা পরিবারের জন্ম গ্রহণ করেন। ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। নারায়ণগঞ্জ শহরের জয়গোবিন্দ স্কুল থেকে তার শিক্ষাজীবন শুরু হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ থেকে ১৯৮১ সালে সফলতার সাথে বিএসসি সম্পন্ন করেন।
ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সরকারী তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক (১৯৭৯-৮১), নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক (১৯৭৯-৮০)।
এছাড়াও কামাল মৃধা বাংলাদেশ ছাত্রলীগ নারায়নগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদকসহ বিভিন্ন সময়ে হাইকমান্ডের নির্দেশে দলের দুর্দিনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এন.হুসেইন/জেসি


