# রোববার থেকে পুরোদমে ফিরবে প্রাণচাঞ্চল্য
নাড়ির টানে শহর ছেড়েছিলো লাখো মানুষ। এবার তারাই ফিরতে শুরু করেছে জীবিকার তাগিদে। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে ২৪ এপ্রিল থেকে সরকারি অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। ২৩ এপ্রিল রাত থেকেই মানুষ ফিরতে শুরু করে শহরে। মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সর্বমোট ৫ দিন সরকারিভাবে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিলো। সেই পাঁচ দিনের ছুটি শেষ হয়ে গেলেও এখনো ফিরছে মানুষ।
তবে এখনো বেশির ভাগ মানুষ ফিরে আসেনি। জানা যায় ঈদের ছুটির সাথে মানুষ অতিরিক্ত ছুটি নেয়ায় এখনো ফিরেননি সিংহ ভাগ মানুষ। ফলে শহর এখনো অনেকটাই ফাঁকা। নেই পূর্বের ন্যায় কর্মচাঞ্চল্য। তবে ধিরে ধিরে ভিড় বাড়তে শুরু করেছে শহরের বাস ও লঞ্চ ঘাটগুলোতে। ২৬ এপ্রিল (বুধবার) শহরের কেন্দ্রীয় লঞ্চ ঘাট পরিদর্শনে গিয়ে দেখা যায় লোকে লোকারণ্য লঞ্চঘাট। চাঁদপুর ও মুন্সিগঞ্জ থেকে আসা মানুষের ভিড় সময়ের সাথে সাথে ক্রমশই বাড়তে দেখা যায়।
অন্যদিকে ঢাকা ও নারায়নগঞ্জ এর প্রবেশদ্বার হিসেবে বহুল পরিচিত সাইনবোর্ড এলাকায় দুরপাল্লার বাস এর আনাগোনা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। শুধু তাই নয় চাষাড়া, শিবু মার্কেট, মেট্রো সিনেমা হল এলাকায় প্রতিদিনই ভিড় করছে দুরপাল্লার বাস। নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল খ্যাত অঞ্চল বিধায় এখানে দেশের প্রায় সব প্রান্তের মানুষের আনাগোনা বিদ্যমান থাকে সারা বছরই। তাই ঈদ উপলক্ষে বিশাল অঙ্কের মানুষ নাড়ির টানে বাড়ি ফিরে।
আবার তারা জীবিকার তাগিদে ফিরে ও আসে। তবে এখন পর্যন্ত সবাই স্বস্তিতে বাড়ি গিয়েছে এবং ফিরে ও এসেছে। তাদের ভাষ্যমতে এবারের ঈদ যাত্রা খুবই স্বস্তির ছিলো। কোনো রকম অসুবিধা ও ভোগান্তি ছাড়াই তারা ফিরে এসেছে। তবে তীব্র দাবদাহের কারণে তারা কিছুটা অস্বস্তি অনুভব করেছিলো।
এস.এ/জেসি


