সাংবাদিকদের স্বার্থ রক্ষা হচ্ছে না: দ্বীপ আজাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৬:১২ পিএম
সরকার প্রচুর পরিমান পত্রিকা দিচ্ছে, টেলিভিশন দিচ্ছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষা হচ্ছে না। সে সকল পত্রিকা চলে না, সেই সকল পত্রিকা বন্ধ করেন, টেলিভিশন দেওয়া বন্ধ করেন। যে ক’জন সাংবাদিক রয়েছে, তাদের বেতন ভাতা নিশ্চিত করেন। কাজের মান নিশ্চিত করেন। এই কয় জনেরই নিরাপত্তা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নে এক আলোচনা সভায় এই কথা বলেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দ্বীপ আজাদ। এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার অর্থ বিভিন্ন সাংবাদিকদের হাতে তুলেদেন।
দ্বীপ আজাদ বলেন, অনেক সাংবাদিকেরই চাকুরি নেই, অনেকের বেতন ঠিক মতো হয় না। কোন কোন সাংবাদিক আবার অসুস্থ্য আছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই অর্থ গুলো তাদেরই প্রাপ্ত। এটা কোন সহায়তা নয়, এটা তাদের অধিকার।
সাংবাদিকদের উদ্দেশ্যে দ্বীপ আজাদ বলেন, আমরা অবশ্যই সরকারকে সমর্থন করি, কিন্তু আওয়ামী লীগের কর্মী নই। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা পেশাদার সাংবাদিক। আমাদের যে স্বার্থ ও দাবি গুলো আছে, সেটা পূরণ করতে হবে।
গত ১৫ বছরে আমরা শুধু এই কল্যাণ ট্রাস্ট আর দু’-একজন সাংবাদিক আমেরিকা আর লন্ডনে চাকুরি পেয়েছে। এ ছাড়া আর কিছুই পাইনি। সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে, কিন্তু কোন রকমের বিচার হচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ।
এ সময় উপস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, নাগরীক টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক এনামুল হক স্বপন প্রমুখ। এ সময় ৪৮ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


