Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারজাত ভেজাল ভোজ্য তেল

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২২ মে ২০২৩, ১২:২২ পিএম

বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে বাজারজাত ভেজাল ভোজ্য তেল
Swapno

 

# বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা বাড়িতে গড়ে উঠেছে নাম সর্বস্ব কারখানা
# আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব : ভোক্তা সংরক্ষণ অধিকার এডি

 

 

নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে বিক্রি হচ্ছে ভেজাল সয়াবিন তেল। দীর্ঘ দিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এসকল ভেজাল সয়াবিন তেল বাজারে বিক্রি করে আসছে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা বাড়িতে গড়ে উঠেছে নাম সর্বস্ব সয়াবিন তেলের বোতলজাতের কারখানা। অপরিচ্ছন্ন এবং ময়লাযুক্ত ঘরে এসব তেল বোতলজাত করা হচ্ছে। এলাকায় গড়ে ওঠা এসব কারখানা থেকে নিম্নমানের এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সয়াবিন তেল শহরের বিভিন্ন হাটবাজারগুলোতে সয়লাব হয়ে উঠেছে।

 

বিভিন্ন কারখানায় সয়াবিন এর সাথে পাম অয়েল মিলিয়ে বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। কিন্তু ভোজ্য তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এ নিয়ম সঠিকভাবে অনুসরণ না করে ভেজাল ভোজ্য তেল বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতিনিয়ত তেল কিনে প্রতারিত হচ্ছেন। এসকল ভেজাল তেল খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ক্রেতারা। ভয়ানক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হচ্ছে অনেকে।

 

এবিষয়ে চিকিৎসকরা বলছেন, এই ভেজাল সয়াবিন ও পাম অয়েল তেল মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই তেল চোখ, নাকের ক্ষতি করে। শুষ্কতা ও প্রদাহ তৈরি করে এবং ফুসফুস ও লিভারের ব্যাপক ক্ষতি করে। এছাড়াও খাদ্যপন্য উৎপাদনের জন্য বাংলাদেশ ষ্ট্যান্ডার্ডস এন্ড টেষ্টিং ইন্সটিটিউটিশন (বিএসটিআই) এর অনুমোদন লাগে। কিন্তু এসব কারখানায় উৎপাদিত তেলের বিএসটিআই এর কোন অনুমোদন নেই।

 

অথচ বিএসটি আইএর লোগো এবং নাম্বার ব্যবহার করে তেলের বোতলে স্টিকার লাগানো হয়েছে। বাজারে পরিচিত বড়-বড় কোম্পানিগুলোর নামের খুব কাছাকাছি নাম এবং লোগোর মতো করেই স্টিকার তৈরি করা হয়েছে। সাধারণ ক্রেতারা এসব স্টিকার দেখে সহজেই প্রতারিত হচ্ছে। বোতলে তেলের পরিমাপও ঠিক নেই। এক লিটার ওজনের তেলের বোতলে প্রায় ১০০ গ্রাম তেল কম দেয়া হয়।

 

গতকাল সরেজমিনে ঘুরে দেখা যায়, নগরীর দিগুবাজার, বাবুরাইল বউবাজার, বন্দর বাজার ও নিতাইগঞ্জ পাইকারি বাজারগুলোতে বিভিন্ন ধরনের কোম্পানির নামে বিক্রি হচ্ছে নকল সয়াবিন তেল। এসকল তেলগুলো বাজারে অন্যান্য সয়াবিন তেলের থেকে কম দামেও বিক্রি হচ্ছে, ক্রেতারা দামে কম পেয়ে বাসা-বাড়ির রান্নার কাজে ও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট এর খাবার তৈরির কাজের ব্যবহার করা হচ্ছে।

 

এবিষয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, যারা এসকল ভেজাল সয়াবিন তেল উৎপাদন করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যে সকল দোকানদার বিক্রি করছে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন