# দু-একজন সৎ অফিসার ছাড়া বাকিরা আখের গোছাতেই ব্যস্ত : নিসচা
# এই বিষয়ে জানতে হলে সরাসরি কথা বলতে হবে : এএসপি হাইওয়ে
# পরিবহন স্টাফ ও পথচারীদের আরও সচেতন হতে হবে : অতি. পুলিশ সুপার
ধনী জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শিল্প ও বাণিজ্যিক এলাকা হিসেবেও পরিচিত। এখানকার নদী বন্দরটি এক সময় আন্তর্জাতিক নদী বন্দর হিসেবে খ্যাতি ছিল। একই সাথে এই জেলার অন্যতম যোগাযোগ মাধ্যম ছিল নদী পথ। ঢাকা বিভাগের অন্যতম ছোট এই জেলাটির সৌন্দর্য্য বৃদ্ধি করতেই যেন এই জেলাকে ঘিরে প্রবাহিত হচ্ছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী। তবে সভ্যতা ও প্রযুক্তির উন্নতির সাথে পাল্লা দিয়ে এখানে কল-কারখানা ও ব্যবসা বাণিজ্যের আধুনিকায়নের সাথে সাথে স্থল পথের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটতে থাকে।
সেই সাথে কর্মসংস্থানের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন আসতে থাকলে বাড়তে থাকে জনসংখ্যার চাপ। সেই প্রয়োজনেই বাড়ে যানবাহনও। তবে সম্প্রতি সময় এই জেলার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে সড়ক দুর্ঘটনা। যা এখানকার দৈনিকগুলোর প্রায় নিয়মিত সংবাদ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুধু মাত্র এই বছরের গত ৫ মাসেই নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে প্রায় ২১ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
যার মধ্যে গত মে মাসে ৪ জন, এপ্রিলে ২ জন, মার্চে ৭ জন, ফেব্রুয়ারিতে ৪ জন ও জানুয়ারিতে ৪ জন। একই সাথে গত এক বছরে এই জেলার সড়ক দুর্ঘটনায় প্রায় ৯৬ জনের মতো প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এর বাইরেও হয়তো আরও ঘটনা আছে যা মিডিয়াতে আসেনি কিংবা তথ্য পাওয়া যায়নি। তাই সড়ক দুর্ঘটনাকে নারায়ণগঞ্জ জেলার অন্যতম মাথা ব্যাথা হিসেবে ধরা হয়। অসাবধনতা ও উদাসীনতা বসত প্রতিদিনই ঝড়ছে অসংখ্য তাজা প্রাণ। এতে সড়ক পথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ৫ মাসেই নারায়ণগঞ্জে সংঘটিত সড়ক দুর্ঘটনায় প্রায় ২১ জনের মতো লোকের প্রাণহানি ঘটেছে। সচেতন মহলের মতে এই সব সড়ক দুর্ঘটনার সিংহভাগই ঘটে অদক্ষ, লাইসেন্সবিহীন চালকদের মাধ্যমে গাড়ি চালানো, মদপ্য ও ঘুম চোখে থাকা অবস্থায় গাড়ি চালানোসহ কিছু তরুণ ও কিশোর বয়সী ছেলেদের উল্টাপাল্টা মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে। একই সাথে বর্তমানে মরার উপর খারার ঘা হিসেবে দাঁড়িয়েছে ব্যাটারী চালিত অনিয়ন্ত্রিত রিকশা ও অটো ইজিবাইক চালকদের ইচ্ছেমতো যেখানে সেখানে যেভাবে খুশি সেভাবে গাড়ি চালানোকে কেন্দ্র করে।
তবে এখানে ফিটনেস বিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়িগুলো ব্যাপকভাবে রাস্তা দখল করে থাকা ও সড়ক দুর্ঘটনার একটি কারণ বলে মনে করেন তারা। তাছাড়া পরিবহন সেক্টরটি কিছু মাফিয়া বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় পরিবহনগুলো যেখানে সেখানে পার্কিং করে রাস্তা দখল করে রাখা, কোন স্ট্যান্ডিং প্যালেস ছাড়াই যেখানে সেখানে থামিয়ে যাত্রী ওঠানো এবং গাড়ির চালকদের সাথে প্রতিযোগিতা চালিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিতে যাওয়া এসব কারণেও দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে মনে করেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের কারণে এসব সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই চালকসহ পরিবহনের সাথে জড়িত শ্রমিকদের ভালো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে তাদের সচেতন হতে হবে। এর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্রায় ক্ষেত্রেই দেখা যায়, সাধারণ জনগণ জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছেন না। কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছেন। এতে করে খুব সহজেই তার দুর্ঘটনার শিকার হয়ে যাচ্ছেন।
বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গত ৩১ মে দুপুরে রূপগঞ্জ তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন আরএসপিএল কারখানায় কাভার্ডভ্যানের চাপায় তানভির (৩০) নামের এক কারখানার এক শ্রমিক নিহত হয়। নিহত তানভির সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার আলী আহমেদের ছেলে। গত ২৪ মে সকাল ৯টায় আড়াইহাজার ভুলতার বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় গাড়ীর ধাক্কায় মিজান (৫০) নামের এক পথচারী নিহত হয়। মিজান ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মনু মিয়ার ছেলে। মিজান বাড়ির পাশের ওই সড়কে হাঁটতে বের হলে পিছন থেকে একটি দ্রুতগামী হায়াস গাড়ী তাকে ধাক্কা দিয়ে পাশে থাকা বিদ্যুৎ খূঁটির উপরে ফেলে দেয়।
১৭ মে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম রতন নামের (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়। রতন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা ও আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১৫ মে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডর তামিরুল মিল্লাত মহিলা মাদরাসা সংলগ্নএলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ীর ধাক্কায় এক যুবক নিহত হয়। পরে মাদ্রাসা ছাত্ররা তাকে প্রো একটিভ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৬ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের মদনগঞ্জ মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে ও গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী জহিরুল ইসলাম (৪৫) এবং মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক গাইবান্ধা জেলার মুকুল (৪০) নামের দুই জন নিহত হয়েছে। ২২ মার্চ দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম শিমুল (২২) নামের এক স্কুটি চালক নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।
২১ মার্চ মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ এর ফতুল্লায় পুরাতন সড়কের ফাজিলপুরের বনানী হলের সামনে দ্রুত গতির এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিয়া (৪৫) নামের এক সিলভার কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। জিয়া মুন্সিগঞ্জের সর্দার কান্দি গ্রামের হবি মিয়ার পুত্র। একই দিনে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন ব্রিজে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত একজন নিহত হয়। ১৬ মার্চ দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও ললাটি এলাকার সালাম স্টিলের সামনে মোমেন (৩০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মোমেন সোনারগাঁও উপজেলা মুমুর্দী গ্রামের আবু তালেবের ছেলে।
১৩ মার্চ দুপুরে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ইয়াসমিন বেগম (৫৫) নামের এক গৃহবধূ মৃত্যু হয়। সে সময় গুরুতর আহত হয় স্বামী তাজুল ইসলাম। ৭ মার্চ রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগংরোড এলাকায় অস্থায়ী ফুটপাত কাঁচাবাজারের সামনে ঢাকাগামী এক তেলের ট্যাঙ্কলড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (২৭) এক বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। ২ মার্চ রাতে ফতুল্লার শাসনগাঁও বিসিক এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যানের চাপায় মো. ফারুক (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়। ফারুক মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বালাকুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।
২২ ফেব্রুয়ারি সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় মো. আবুল হাসান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়। সে সোনারগাঁয়ে সোনাখালী এলাকার মো. আব্দুস সামাদের ছেলে। ২১ ফেব্রুয়ারি সকালে রূপগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আতিকুল ইসলাম নামের এক স্কুলছাত্র নিহত হয়। আতিকুল রূপগঞ্জ সদরের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ৩ ফেব্রুয়ারি ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়।
৩ ফেব্রুয়ারি সকালে রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. মহরম আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়। ২৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী হাজীগঞ্জ মাদরাসার সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাহিয়ান হোসেন নাঈম (২৩) নামে এক যুবক নিহত হয়। ১৯ জানুয়ারি আড়াইাহজারের ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়। ১২ জানুয়ারি রাতে সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় এস্কোয়ার গার্মেন্টসের পপি বেগম (২৩) ও নুরোনাহার (৩০) নামে ২ নারী শ্রমিকের মৃত্যু হয়।
এই বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ এর সভাপতি ডা. ওয়াজেদুর রহমান বলেন, নারায়ণগঞ্জ একটি বাণিজ্য নগরী, তাই এখানে জনসংখ্যা বিশেষ করে বহিরাগত লোক অনেক বেশি। কল-কারখানার কারণে এখানকার রাস্তা-ঘাট দিয়ে জন সাধারণের চলাচল বেশি। এই জনসাধারণের অসাবধান চলাচলের কারণে শতকরা বিশ ভাগ সড়ক দুর্ঘটনা ঘটে। অন্যদিকে আমাদের ট্রাফিক বিভাগে যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না।
তারা এমনিতে বিভিন্ন সে সময় যে রকম লেকচার দেন বাস্তবের সাথে তার কোন মিল নেই। হাতে গোনা দু-একজন সৎ অফিসার ছাড়া বাকিরা তাদের নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। রাস্তায় চাঁদাবাজিতে ব্যস্ত। তাছাড়া যারা ভলান্টিয়ার সার্ভিস দেয় সমাজে তাদেরকে উৎসাহিত করার জন্য কিংবা অনুদান দেওয়ার মতো লোকের অভাব। এখনকার রাজনীতিবিদরাও এমন জায়গায় টাকা অনুদান দেয়, যেখানে টাকা দিলে তাদের নাম কিংবা দাম হবে।
সড়ক দুর্ঘটনার কারণ ও এর প্রতিকারে কি ধরণের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে জানতে চাইলে না’গঞ্জ হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের জিলানী জানান, এই বিষয়ে জানতে হলে সরাসরি কথা বলতে হবে। তারপরও চালক ও পথচারীদের সতর্কতার জন্য কিছু বলার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের যে নির্দেশনা আছে আমরা তার বাস্তবায়ন করছি। এটা চলমান পদ্ধতি।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, সড়ক দুর্ঘটনাগুলো সাধারণত হাইওয়েতে বেশি হচ্ছে। আমাদের লোকাল সড়কে এগুলো তেমন একটা হয় না। তিনি আরও জানান, তিনি নারায়ণগঞ্জে এই দায়িত্বে এসেছেন এক মাসেরও কিছু সময় হয়েছে। এরমধ্যে তিনি লোকাল সড়কে কোন সড়ক দুর্ঘটনার খবর পাননি। তবে শহরের উন্নয়ণ মুলক কাজের কারণে যানজট সৃষ্টিসহ যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। তবে আমার মনে হয় সড়ক দুর্ঘটনা কমানোর জন্য পথচারীদের অনেক সচেতন হতে হবে। একই সাথে চালকসহ পরিবহন শ্রমিকদেরও আরও অনেক বেশি দায়িত্ববান হতে হবে। তাহলে হয়তো সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে।এস.এ/জেসি


