সিম বাবদ ২৫০ টাকা রাখায় আবারো সমালোচনার মুখে পাগলা উচ্চ বিদ্যালয়
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৯:০৫ পিএম
# টাকা নেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়
# বিদ্যালয়ে ভালো কিছু করতে গেলেই প্রোপাগাণ্ডা ছড়ানো হয় : প্রধান শিক্ষক
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের পাগলা উচ্চ বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে রবি সিম বাবদ ২৫০ টাকা নেওয়ার অভিযোগে আবারো সমালোচনার মুখে পড়েছেন পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার ও পাগলা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং পাগলা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
ঘটনাসূত্রে জানা যায়, গতকাল পাগলা উচ্চ বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী রয়েছে প্রত্যেক শিক্ষার্থীকে রবি সিম ক্রয় করতে হয় যা এক কথায় বলা চলে অনেকটাই বাধ্যতামূলক। আর এই রবি সিমের জন্য প্রত্যেক শিক্ষার্থী গুনতে হবে ২৫০ টাকা। তবে এতো টাকা দিয়ে সিম কেন কিনতে হবে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরাও এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন সিম কিনতে কেন টাকা দিতে হবে। সিম তো কোম্পানি থেকে সব সময় ফ্রি দেওয়া হয় তাহলে বিদ্যালয়ে কেন শিক্ষার্থীরা টাকা দিয়ে সিম ক্রয় করবে তাও আবার ২৫০ টাকা এটা অনিয়ম ছাড়া আর কিছুই নয়। শুধু তাই নয় এ বিষয়টি সাথে সাথে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার বলেন, এই এলাকায় পাগলা উচ্চ বিদ্যালয় নিয়ে বিভিন্ন সময় প্রোপাকাণ্ড ছড়ায় আপনি যদি পুরো ঘটনা শোনের তাহলে বুঝতে পারবেন রবি সিম কোম্পানি ও পাগলা উচ্চ বিদ্যালয়ে কতৃপক্ষের একটা চুক্তি হয়। পাগলা উচ্চ বিদ্যালয় পুরোটা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে ও শিক্ষার্থীরা ফিঙ্গার দিয়ে বিদ্যালয়ে ডুকবে আর বের হওয়ার সময়ও ফিঙ্গার দেবে।
আর শিক্ষার্থীরা কখন বিদ্যালয়ে ডুকলো আর কখন বের হলো তার সাথে সাথে অভিভাবকদের কাছে প্রত্যেকটির মেসেজ চলে যাবে। তাছাড়া আরও বেশ কিছু সুবিধা দিবে রবি। ডিজিটাল ব্যানার দিবে, কম্পিউটার দিবে আর এই সকল কিছু সুবিধা শিক্ষার্থীরাই গ্রহণ করবে এবং এই বিদ্যালয়টি ডিজিটালাইজ হবে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অভিভাবকরাই উপকৃত হবে।
শুধু তাই নয় নেট সুবিধা, ব্যাংক সুবিধা বেশ কিছু সুবিধা পাবে এই রবি সিমটি ক্রয়ের মাধ্যমে। আমরা যখনই বিদ্যালয়ে ভালো কিছু করতে যাই এই এলাকার কিছু লোক আছে তারা বিভ্রান্তি ছড়িয়ে দেয়। অনেকেই লিখেছে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে সিম কেনার যা একেবারেই মিথ্যা ও বানোয়াট। আজকেও এই মিথ্যাটাই ছড়ানো হয়েছে।এস.এ/জেসি


