সিদ্ধিরগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৩, ১১:৩৪ এএম
১৪৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়। সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বৃহস্পতিবার (৮ জুন) এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন কুমিল্লার কোতয়ালী থানার পশ্চিম জালুয়া পাড়া কেরানী বাড়ীর মো. শাহজাহানের ছেলে মো. জুম্মন (২৯) ও একই এলাকার হুমায়ুনের ছেলে মো. ইকবাল (৩৫)। র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন বন্ধু বাস কাউন্টারের সামনের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অত্যন্ত কৌশলী উপায়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক পরিবহন কাজে তারা আটককৃত পিক-আপ ভ্যানটি ব্যবহার করে থাকে।
পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে মাদক পরিবহন করা তাদের মুল পেশা। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এন. হুসেইন রনী/ জেসি


