গরুর হাটের ইজারা নিয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম
# হাটের ইজারা নিয়ে সমস্যা হওয়াতে আমি তা স্থগিত করে দেই : ইউএনও
সোনারগাঁয়ে গরুর হাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে খোদ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়াকেও দোষী করছেন অনেকেই। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২২শে জুন) সোনারগাঁ উপজেলা পরিষদে তালতলা গরুর হাটের ইজারার সিডিউল কেনার সময় উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া তার ক্ষমতার প্রভাব বিস্তার করে হাটের ইজারা তার নামে নেয়ার চেষ্টা করে।
উপজেলা তথ্যসুত্রে জানা গেছে, তালতলা হাটের ইজারার জন্য আল-আমিন, সামসুল আলম, হুমায়ুন কবির ভূঁইয়া, শেখ জামান এবং সর্বশেষে উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া সিডিউল জমা দেন।
পরবর্তীতে হুমায়ুন কবির ভূঁইয়া, সামসুল আলম ও সামসুল ইসলাম ভূঁইয়ার ফরমে ত্রুটি থাকায় তাদের সিডিউল বাতিল করলে তাৎক্ষণিক উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া তার ক্ষমতার প্রভাব দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সবার সামনে পুনরায় ফরম জমা দিতে গেলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বাধা দিলে তাদেরকে তিনি বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম পরিস্থিতি অনুকূলে আনতে ত্রুটিযুক্ত ফরমসহ চেয়ারম্যানের ফরম বাদ করে তালতলা হাটের ইজারা স্থগিত করে দেন। এ ব্যাপারে হুমায়ুন কবির ভূঁইয়া জানান, আমি সর্বোচ্চ দাম দিয়ে হাটের ইজারার সিডিউল কিনতে ফরম জমা দেই কিন্তু ফরমে ত্রুটি থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদ করে দেন৷
ঘটনার সত্যতা জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া জানান, আমি কোনো ফরম ক্রয় করেনি। আমি শুধু হুমায়ুন কবির ভূঁইয়ার ফরমে ত্রুটি আছে সে বিষটা জানিয়েছি। তিনি আরো বলেন, আমি জানি হুমায়ুন কবির ভূঁইয়া তালতলা হাটের ইজারা পেয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম জানান, হুমায়ুন কবির ভূঁইয়ার ফরমটিতে ত্রুটি থাকায় বাদ করে দেয়া হয়েছে৷ সিডিউলে যারটা আমাদের কাছে সঠিক মনে হবে তাকেই দিবো। অফিসের ভেতরে এই হাটের ইজারা নিয়ে সমস্যা হওয়াতে আমি তা স্থগিত করে দেই। পরবর্তীতে যাচাই-বাছাই করে ইজারা দেয়া হবে। এস.এ/জেসি


