আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৫:১৭ পিএম
আড়াইহাজারে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন হাজিরটেক গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। এরা দুইজনই হাজিরটেক কওমী মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দুই শিশু শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। এই সময় মাদ্রাসার পাশের নদীতেই তারা গোসল করতে নামে। গোসল করতে নেমে হুমাইরা পানিতে ডুবে গেলে সাথে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দুইজনই পানিতে ডুবে যায়।
দীর্ঘক্ষণ পর এলাকাবাসী তাদের উদ্ধার করে বিকাল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুই জন সম্পর্কে চাচাতো বোন। এক বাড়িতে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এন. হুসেইন রনী /জেসি


