Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আগেও স্ট্রোক করেছিলেন’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম

‘ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আগেও স্ট্রোক করেছিলেন’
Swapno

 

ফতুল্লার বিসিকে একটি পোশাক কারখানার আগুন নেভাতে যাওয়ার পথে গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে মারা যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন এর আগেও একবার স্ট্রোক করেছিলেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি আবার চাকরিতে যোগ দেন। তবে তার কোনো শারীরিক সমস্যা ছিল না। জাহাঙ্গীর হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

 

এর আগে সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শান্তনা মার্কেটের সামনে ফায়ার সার্ভিসের গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক করে চালক জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সালাউদ্দিন নামের এক পথচারী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চালকসহ তিনজন মারা গেছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন ছয়জন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (২৩ জুলাই) রাতে ফতুল্লা এলাকার একটি ডাইং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানেও ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জাহাঙ্গীর হোসেন গিয়েছিলেন। আগুন নিভিয়ে এসে তিনিই সবকিছু গোছান। এরপর সকাল সাড়ে ১০টায় ফতুল্লা বিসিক এলাকায় ফকির অ্যাপারেলসে অগ্নিকান্ডের খবর আসে। খবর আসার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে ছোটেন। তিনি অনেক দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন।

 

দ্রুত গাড়ি চালাতে গিয়ে মাঝখানে কয়েকবার গতিরোধকের সামনে গাড়ি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যান। এরপর চাষাঢ়া এলাকার মোড়ে যাওয়ার সময়ই জুলহাস স্ট্রোক করেন।এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ বাসসহ কয়েকটি মিশুক গাড়িকে ধাক্কা দেয়। সবশেষ একটি ট্রাকের সামনে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িটি থেমে যায়। সেইসঙ্গে গাড়িতে থাকা অন্য সদস্যরা লাফিয়ে নেমে জুলহাসকে উদ্ধার করেন। গাড়ির সিটের মধ্যে জুলহাস নিথর হয়ে পড়ে ছিলেন। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় অগ্নিকান্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়।

 

এসময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিরা খানপুর হাসপাতালে চিকিৎসাধীন। জাহাঙ্গীর হোসেন চাঁদপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি ১৯৯৪ সালে চাকরিতে যোগদান করেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন